পানি ও পরিবেশ নিয়ে ঢাবি-চীনের যৌথ গবেষণাগার চালু - Mati News
Thursday, October 8

পানি ও পরিবেশ নিয়ে ঢাবি-চীনের যৌথ গবেষণাগার চালু

বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চীনের আনহুই নরমাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘সিনো-বাংলাদেশ জয়েন্ট ল্যাবরেটরি ফর ওয়াটার, ইকোলজিক্যাল সিকিউরিটি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক যৌথ গবেষণাগারের উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি চীনের আনহুই প্রদেশের উহু শহরে অবস্থিত আনহুই নরমাল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ যৌথ গবেষণাগারের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম, যৌথ গবেষণাগারের বাংলাদেশের ফোকাল পয়েন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান।

অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, আনহুই নরমাল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. শিয়ং ইউচিয়ে, ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. সাং ছিংসং, উহু শহরের ডেপুটি মেয়র, যৌথ গবেষণাগারের চীনা ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. লু চৌ, বিভিন্ন অনুষদের ডিন, আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের পরিচালক এবং জ্যেষ্ঠ অধ্যাপকরা।

পানি, পরিবেশগত নিরাপত্তা ও টেকসই উন্নয়ন বিষয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও বৈজ্ঞানিক সহযোগিতা জোরদারে এ যৌথ গবেষণাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। একই সঙ্গে দুই দেশের গবেষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টদের মতে, যৌথ গবেষণাগারটি পানি ব্যবস্থাপনা, পরিবেশগত নিরাপত্তা ও টেকসই উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ গবেষণার সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখবে। এর মাধ্যমে বাংলাদেশ ও চীনের গবেষকদের মধ্যে সহযোগিতা আরও জোরদার হওয়ার পাশাপাশি নতুন গবেষণা ও প্রযুক্তিগত উদ্যোগের ক্ষেত্র তৈরি হবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *