পূর্ব চীনের জলসীমায় জখম জেলেকে বাঁচাল চীনা নৌবাহিনী - Mati News
Tuesday, August 25

পূর্ব চীনের জলসীমায় জখম জেলেকে বাঁচাল চীনা নৌবাহিনী

পূর্ব চীনের সমুদ্রে দুর্ঘটনায় গুরুতর আহত এক জেলেকে নাটকীয় অভিযান চালিয়ে উদ্ধার করেছে চীনা নৌবাহিনী। আকাশ ও নৌপথের যৌথ প্রচেষ্টায় তাকে নিরাপদে স্থলে ফিরিয়ে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সূত্রপাত শুক্রবার রাত নয়টার দিকে। গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলার থেকে জরুরি ভিত্তিতে সাহায্যের আকুতি পাঠানো হয় নৌবাহিনীর কাছে। জানানো হয়, এক জেলের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। তাকে বাঁচাতে দ্রুত চিকিৎসা প্রয়োজন।

খবর পেয়ে মুহূর্তের মধ্যেই উদ্ধার কাজ শুরু করে চীনা নৌবাহিনী। পাশেই মহড়ায় ব্যস্ত থাকা ‘চেংচৌ’ ডেস্ট্রয়ার, ‘নানথোং’ ফ্রিগেট, ‘ছিয়েনতাওহু’ সরবরাহ জাহাজ এবং একটি সামরিক হেলিকপ্টারকে জেলেকে বাঁচানোর অভিযানে যুক্ত করা হয়।

‘ছিয়েনতাওহু’ জাহাজ থেকে একটি ছোট নৌকা পাঠিয়ে দ্রুত আহত জেলেকে উদ্ধার করে যুদ্ধজাহাজে নিয়ে আসা হয়। সামরিক হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের সাথে তাৎক্ষণিক ভিডিও কলে যোগাযোগ করে জাহাজেই তাকে জরুরি চিকিৎসা দেন নাবিকরা।

চিকিৎসার পর জেলের জ্ঞান ফিরে আসে এবং তার অবস্থা কিছুটা সামলে উঠলে হেলিকপ্টারে করে দ্রুত তাকে স্থলভাগের হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সময়মতো নিখুঁত চিকিৎসার কারণে বর্তমানে সেই জেলে ঝুঁকিমুক্ত রয়েছেন।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *