সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: দ্রুতগতির নবায়নযোগ্য জ্বালানির বিকাশ এবং নতুন বিদ্যুৎ-ব্যবস্থা গড়ে তোলার সাথে সাথে নিরাপত্তা শাসনব্যবস্থাকে আরও জোরদার করতে বিদ্যুৎ-খাতের দুর্ঘটনা প্রতিরোধ ও তদন্ত সংক্রান্ত সংশোধিত প্রবিধানমালা বাস্তবায়ন করতে যাচ্ছে চীন। দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং এই সংক্রান্ত স্টেট কাউন্সিলের একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন, যা আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
মোট ৩৮টি ধারা সম্বলিত নতুন এই প্রবিধানমালায় বিদ্যুৎ কোম্পানি এবং ব্যবহারকারীদের দুর্ঘটনার সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ বা স্ক্রিনিং জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গ্রিডের পরিসর, কাঠামোগত পরিবর্তন এবং বিদ্যুৎ উৎপাদন সরঞ্জামের গ্রিড-সংক্রান্ত পারফরম্যান্সের মতো বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে বিদ্যুৎ দুর্ঘটনার শ্রেণিবিন্যাসের মানদণ্ডেও পরিবর্তন আনা হয়েছে। একই সাথে বিদ্যুৎ কোম্পানি ও ব্যবহারকারী ছাড়া গ্রিডের সাথে যুক্ত অন্যান্য সত্তার নিরাপত্তা দায়িত্বও এতে স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।
প্রবিধানমালা অনুযায়ী, বিদ্যুৎ কোম্পানিগুলোকে অবশ্যই জরুরি উদ্ধার পরিকল্পনা প্রণয়ন এবং নিয়মিত মহড়া পরিচালনা করতে হবে। পাশাপাশি দুর্ঘটনা তদন্তের প্রক্রিয়া আরও উন্নত করার কথা বলা হয়েছে, যার অধীনে তদন্ত দলগুলোকে তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষের কাছে নোটিশ দিতে হবে এবং তদন্তে অংশগ্রহণের জন্য তাদের আমন্ত্রণ জানাতে হবে।
সূত্র: সিএমজি

















