২০২৬ সালের ‘চীনের নানচিং সপ্তাহ’ তথা মধ্য-এশিয়ার সাংস্কৃতিক আদান-প্রদান কার্যক্রম, গতকাল (মঙ্গলবার), কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শুরু হয়েছে। চীন ও কিরগিজস্তানের সরকার, সাংস্কৃতিক সংস্থা ও প্রকাশনালয়গুলোর প্রতিনিধিরা, এদিন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে, অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশকেক চীনা সংস্কৃতিকেন্দ্রের পরিচালক কাও ছেন বলেন, এবারের ‘নানচিং সপ্তাহ’ নানচিংয়ের গভীর ঐতিহাসিক ঐতিহ্য এবং সমসাময়িক উদ্ভাবনী প্রাণশক্তিকে বিশকেকে নিয়ে আসা, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানে নতুন মাত্রা যোগ করেছে।
কিরগিজস্তানের জাতীয় বিজ্ঞান একাডেমির শিক্ষাবিদ ও এশীয় ধ্রুপদী অনুবাদ কর্মসূচির চীন-কিরগিজস্তান প্রকল্পের কিরগিজ বিশেষজ্ঞ কমিটির সভাপতি আব্দুলদাজান আকমাতালিয়েভ বলেন, কিরগিজস্তান ও চীনের মধ্যে অসামান্য সাহিত্যকর্মের পারস্পরিক অনুবাদ ও প্রকাশনা উভয় দেশের পাঠকদের একে অপরের চিন্তাভাবনা ও সংস্কৃতি বুঝতে সাহায্য করছে। আরও সাহিত্য বিনিময় ও প্রকাশনা সহযোগিতার মাধ্যমে, মধ্য-এশিয়ার দেশগুলো ও চীনের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়। সূত্র: সিএমজি




















