বেইজিংয়ে ৩৮তম ’হান্ড্রেড ফ্লাওয়ার্স অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান শুরু - Mati News
Sunday, August 9

বেইজিংয়ে ৩৮তম ’হান্ড্রেড ফ্লাওয়ার্স অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান শুরু

চীনের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার ৩৮তম হান্ড্রেড ফ্লাওয়ার্স অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে বেইজিংয়ের ছাওইয়াং পার্কে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়।

এবার পুরস্কার আয়োজন করা হয়েছে চলচ্চিত্র উৎসবের আদলে। থাকছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও ফোরাম। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি চলচ্চিত্র ও সৃজনশীল কাজ নিয়েও আলোচনা হবে।

আগামী সোমবার সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকসহ মোট আটটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। আর বিজয়ীদের নির্বাচন করবেন ১০১ জন চলচ্চিত্রপ্রেমী দর্শকের সমন্বয়ে গঠিত জুরি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী চু সিচুয়ান। ১৯৬২ সালে প্রথম হান্ড্রেড ফ্লাওয়ার্স অ্যাওয়ার্ডসে ‘দ্য রেড ডিটাচমেন্ট অব উইমেন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পান।

৮৮ বছর বয়সী চু সিচুয়ান স্মৃতিচারণ করে বলেন, মাত্র ২৪ বছর বয়সে পুরস্কার নিতে শাংহাই থেকে বেইজিং এসেছিলেন তিনি। সেই অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী চৌ এনলাই তাকে নাচের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন যে স্মৃতি আজও তার মনে আছে।

দীর্ঘ অভিনয়জীবন নিয়ে চু বলেন, “সারা জীবন আমি শেখা ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা কখনো থামাইনি।”

এবারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল অভিনেত্রী লিউ হাওছুনের নৃত্য পরিবেশনা। লাল পোশাকে মঞ্চে উঠে তিনি চীনের বিভিন্ন সময়ের জনপ্রিয় চলচ্চিত্রের দৃশ্য নৃত্যের মাধ্যমে তুলে ধরেন।

তার পরিবেশনায় ১৯৬১ সালের ‘দ্য রেড ডিটাচমেন্ট অব উইমেন’, ১৯৮০ সালের ‘লিটল ফ্লাওয়ার’ এবং ২০২০ সালের ‘আ লিটল রেড ফ্লাওয়ার’-সহ বেশ কয়েকটি বিখ্যাত চলচ্চিত্রের দৃশ্য পুনর্নির্মাণ করা হয়।

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হান্ড্রেড ফ্লাওয়ার্স অ্যাওয়ার্ডস চীনের সবচেয়ে পুরোনো চলচ্চিত্র পুরস্কারগুলোর একটি।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *