রাশিয়ায় মাইন অপসারণ মহড়ায় অংশ নেবে চীন - Mati News
Monday, September 7

রাশিয়ায় মাইন অপসারণ মহড়ায় অংশ নেবে চীন

রাশিয়ায় মানবিক মাইন অপসারণবিষয়ক একটি মাঠপর্যায়ের প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছে চীনের গণমুক্তি ফৌজের (পিএলএ) সদস্যরা। শুক্রবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আসিয়ান প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক প্লাসের মানবিক মাইন অপসারণবিষয়ক বিশেষজ্ঞ ওয়ার্কিং গ্রুপের মহড়া হবে আগামী ৭ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

মুখপাত্র বলেন, বিভিন্ন ধরনের বিস্ফোরক দিয়ে দূষিত এলাকায় বহুজাতিক বাহিনীর যৌথ মানবিক মাইন অপসারণ কার্যক্রমের পরিস্থিতি ধরে পরিচালিত হবে ওই মহড়া। এতে যুদ্ধক্ষেত্র থেকে বিস্ফোরক অপসারণ, যান্ত্রিকভাবে মাইন পরিষ্কার, মাইন শনাক্তকারী কুকুরের ব্যবহার এবং তাৎক্ষণিকভাবে তৈরি বিস্ফোরক ডিভাইস অপসারণের প্রশিক্ষণ দেওয়া হবে।

মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও মাইন অপসারণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার হবে বলেও বিশ্বাস করেন চিয়াং বিন।

এডিএমএম-প্লাস আসিয়ান ও তাদের আট সংলাপ অংশীদার—অস্ট্রেলিয়া, চীন, ভারত, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার একটি প্ল্যাটফর্ম।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *