চীনের সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা ফলপ্রসূ হচ্ছে বলে মন্তব্য করেছেন বেলারুশের জ্বালানিমন্ত্রী দেনিস মরোজ। বুধবার দেশটির জ্বালানি মন্ত্রণালয় প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মরোজ বলেন, বেলারুশ ও চীন জ্বালানি খাতে উচ্চপর্যায়ের সক্রিয় সহযোগিতা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে এ সহযোগিতায় উল্লেখযোগ্য ফল পাওয়া গেছে এবং ভবিষ্যতেও উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, দুই দেশের সরকার ও ব্যবসায়িক পর্যায়ে দীর্ঘদিনের ইতিবাচক যোগাযোগ রয়েছে। নির্ভরযোগ্য জ্বালানি অবকাঠামো নির্মাণ নিশ্চিত করতে বেলারুশের জ্বালানি মন্ত্রণালয় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। পাশাপাশি দেশের উন্নয়ন কৌশলের সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আরও সমন্বয় ঘটানো হবে।
বেলারুশের জ্বালানি অবকাঠামো উন্নয়নে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন মরোজ। উদাহরণ হিসেবে তিনি মিনস্কের ৫ নম্বর তাপ ও বিদ্যুৎকেন্দ্রে চীনা প্রযুক্তিতে টারবাইন স্থাপনের কথা উল্লেখ করেন। তার মতে, এটি দুই দেশের কার্যকর সহযোগিতার একটি সফল দৃষ্টান্ত।
ভবিষ্যতে চীনের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন সম্ভাবনা খুঁজে বের করতে বেলারুশ আগ্রহী বলেও জানান তিনি।
সূত্র: সিএমজি 



















