ফেব্রুয়ারি ১৬, সিএমজি বাংলা ডেস্ক: ইতিহাসের সঠিক গতিপথ নির্ধারণ করতে হলে সংস্কারের মাধ্যমে বৈশ্বিক শাসনব্যবস্থার উন্নয়ন জরুরি। শুক্রবার জার্মানির মিউনিখে অনুষ্ঠিত মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের ‘চায়না ইন দ্য ওয়ার্ল্ড’ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
ওয়াং বলেন, গত এক বছরে আন্তর্জাতিক পরিস্থিতি আরও অস্থির ও জটিল হয়েছে; একতরফাবাদ বেড়েছে এবং বিশ্ব শান্তি ও উন্নয়ন নতুন মোড়ে দাঁড়িয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিনপিং প্রস্তাবিত গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ সার্বভৌম সমতা, আন্তর্জাতিক আইনের শাসন, বহুপাক্ষিকতা ও জনগণকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আরও ন্যায়সঙ্গত বৈশ্বিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে। এ উদ্যোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের বিস্তৃত সমর্থন পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বৈশ্বিক শাসনব্যবস্থা উন্নয়নে ওয়াং ই চারটি প্রস্তাব দেন। প্রথমত, জাতিসংঘ ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করা। দ্বিতীয়ত, দেশগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করা। তৃতীয়ত, প্রকৃত বহুপাক্ষিকতা চর্চা ও আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রীকরণ। চতুর্থত, যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়া।
তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি ও পুনর্গঠন নিশ্চিত করা এবং ফিলিস্তিন প্রশ্নে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। ইরান পরিস্থিতিতে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইউক্রেন সংকটে সংলাপের সুযোগ তৈরি হয়েছে—এ সুযোগ কাজে লাগিয়ে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তিচুক্তি করা উচিত। ভেনেজুয়েলা প্রসঙ্গে আন্তর্জাতিক আইনের সীমা অতিক্রম না করা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান বজায় রাখার ওপর জোর দেন।
ওয়াং ই বলেন, চীন বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও মানবজাতির অগ্রগতিতে দৃঢ় অবদান রাখবে এবং অভিন্ন ভবিষ্যৎ নির্মাণে কাজ চালিয়ে যাবে। তিনি ইউক্রেন ইস্যু, চীন-ইইউ ও চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় পরিস্থিতি নিয়েও প্রশ্নের উত্তর দেন।
সম্মেলনের ফাঁকে তিনি সার্বিয়ার প্রেসিডেন্ট আরেকজান্ডার ভুসিচ, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ ম্যার্ৎস, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী পাবলো কুইর্নো, অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী বিয়াটে মাইনল-রাইসিঙ্গার, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাডেফুল, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো, নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইডে এবং চেক উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী পেত্র মাচিঙ্কার সঙ্গে বৈঠক করেন।
সূত্র: সিএমজি





















