নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খড় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু - Mati News
Monday, September 28

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খড় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ আলী (৪৫) নামের এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ আলী একই উপজেলার ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরি গ্রামের আতাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন খড় ব্যবসায়ী ছিলেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্ষাকালে চলনবিলে স্থানীয়রা তাদের সংরক্ষিত বোরো ধানের খড় বা পোয়াল বিক্রি শুরু করেন। ব্যবসায়ীরা বিভিন্ন গ্রাম থেকে এই খড় কিনে নৌকায় করে গন্তব্যে নিয়ে যান। সোমবার সকালেও ফরহাদ আলী শহরবাড়ী এলাকা থেকে খড় কিনে নৌকায় করে নিজ এলাকায় ফিরছিলেন।

যাত্রাপথে চলনবিলের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের নিচ দিয়ে নৌকাটি যাওয়ার সময় ফরহাদের হাতে থাকা লগির সাথে বিদ্যুতের তারের স্পর্শ লাগে। এতে ঘটনাস্থলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি রফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *