পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত দুই প্রতিমন্ত্রীর কাজের পরিধি সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। রবিবার (২৩ আগস্ট) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক পরিপত্রে এই দায়িত্ব বণ্টনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। প্রধানমন্ত্রীর সদয় অনুমোদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, নবনিযুক্ত হুমায়ুন কবিরকে ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১’ এবং আগে থেকেই দায়িত্ব পালনরত শামা ওবায়েদ ইসলামকে ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২’ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তারা উভয়েই পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব বণ্টনের অংশ হিসেবে প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশিদের সংক্রান্ত বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিত অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং সৃজনশীল অর্থনীতি নিয়ে কাজ করবেন। এছাড়া এলডিসি উত্তরণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে সহায়তা করবেন।




















