বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার পাশাপাশি নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস আউটরিচ সেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ওই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে।
রণধীর জয়সওয়াল আরও বলেন, আমাদের হাইকমিশনার গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস আউটরিচ সেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এই সেশনে তারেক রহমান ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলে সোমবার জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সংক্রান্ত পরবর্তী আপডেট জানানো হবে বলে ভারতের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।
একই সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে ঢাকার করা অনুরোধ প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি ভারতের প্রচলিত আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে। এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে মুখপাত্র বলেন, এটি একটি আইনি বিষয় এবং বর্তমানে এ নিয়ে তদন্ত কার্যক্রম চলছে।



















