বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান - Mati News
Sunday, September 13

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশীয় উদ্ভাবনগুলোকে গবেষণাগারের গণ্ডি পেরিয়ে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এই মেলাটি দেশীয় উদ্ভাবক, উদ্যোক্তা, নীতিনির্ধারক ও বিনিয়োগকারীদের মধ্যে একটি টেকসই সেতুবন্ধন তৈরির লক্ষ্য নিয়ে সাজানো হয়েছে।

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, স্টার্টআপ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) অংশ নিয়েছে। পাশাপাশি বৈশ্বিক বিনিয়োগকারীরাও এতে যুক্ত হয়েছেন। প্রযুক্তি, ব্যবসা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি সম্ভাবনাময় উদ্ভাবন এখানে প্রদর্শিত হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, তৃণমূল পর্যায়ে অনেক প্রযুক্তি ও ধারণা থাকলেও নীতি সহায়তা, প্রাথমিক তহবিল ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার অভাবে তা বাস্তবে রূপ পায় না। এসব প্রশাসনিক ও আর্থিক প্রতিবন্ধকতা দূর করে মেধাস্বত্ব সংরক্ষণ ও বাণিজ্যিক সম্প্রসারণই এই প্রদর্শনীর প্রধান উদ্দেশ্য।

মেলার দ্বিতীয় দিনে স্বাস্থ্যসেবা খাতকে কেন্দ্র করে ‘সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন: সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেশন অনুষ্ঠিত হবে। এতে প্রান্তিক জনগণের কাছে সাশ্রয়ী মূল্যে মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার প্রযুক্তিগত দিক নিয়ে আলোচনা করা হবে। এই সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আয়োজনটির কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) এবং ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই)। এছাড়া কারিগরি সহায়তা দিচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *