চীনের শীর্ষস্থানীয় রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি রোবোটিক্স এশিয়ার প্রথম রোবোটিক্স অভিজ্ঞতা কেন্দ্র চালু করেছে। রোববার শাংহাইয়ে এ কেন্দ্রটি চালু হয়, যেখানে দর্শনার্থীরা সরাসরি অত্যাধুনিক কাঠামোনির্ভর (এমবডিড) কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন পণ্যের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাচ্ছেন।
প্রাণবন্ত পরিবেশে এক অনন্য অভিজ্ঞতা নিতে অনেক প্রযুক্তিপ্রেমী দূর-দূরান্ত থেকে সেখানে ছুটে আসছেন।
বেইজিং থেকে আসা এক প্রযুক্তিপ্রেমী বলেন, ‘আমি আজ ভোরেই বিমানে করে এখানে এসেছি এবং সকাল সাড়ে ৯টায় পৌঁছেছি। সরাসরি এখানেই চলে এসেছি। আসলে আমি এরইমধ্যে এই পণ্যগুলোর কিছু কিনেও ফেলেছি।‘
কেন্দ্রটির প্রধান আকর্ষণ হয়ে উঠেছে মানবসদৃশ রোবট ইউনিট্রি আর১। এটি তার দ্রুত ও চটপটে চলাচলের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির চার-পেয়ে রোবট ইউনিট্রি গো২। একে ‘পান্ডা শাবকের পোশাক’ পরানো হয়েছে। এই রোবটটিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এটি বেশ বাস্তবসম্মত। আমার মেয়ে এটিকে খুব পছন্দ করেছে এবং সে বুঝতেই পারেনি যে এটি আসলে একটি রোবট’।
বেশ কয়েকজন প্রযুক্তিপ্রেমী এই পান্ডা-থিমে আকৃষ্ট হয়েছেন। তারা ঘটনাস্থলেই অর্ডার দিয়েছেন।
আরেকজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘এর দাম তিন হাজার ইউয়ানের বেশি। এটি খুবই সুন্দর ও নতুন ধরনের। প্রথমে আমি এটি আমার রোবট কুকুরের ওপর লাগিয়ে দেখব কেমন লাগে। অবশ্যই এর একটি আবেগগত মূল্য রয়েছে’।
ইউনিট্রি রোবোটিক্সের কর্মকর্তাদের ভাষ্য, ভবিষ্যতে এই অফলাইন অভিজ্ঞতা কেন্দ্রে আরও নতুন পণ্যের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।
প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লি পিনচিয়ে বলেন, ‘এটি অফলাইন এমবডিড ইন্টেলিজেন্স অভিজ্ঞতা কেন্দ্র চালুর ক্ষেত্রে আমাদের প্রথম প্রচেষ্টা। ভবিষ্যতে আমরা এই স্টোরে আরও নতুন মানবসদৃশ এবং চার-পেয়ে রোবটের মডেল উন্মোচন করব।‘
তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইউনিট্রির মানবসদৃশ রোবটের সরবরাহ সাড়ে পাঁচ হাজার ইউনিট অতিক্রম করেছে, যা বিশ্বে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। একই বছরে চার-পেয়ে রোবটের বৈশ্বিক বাজারে প্রতিষ্ঠানটির অংশীদারত্ব ৬০ থেকে ৭০ শতাংশের মধ্যে স্থিতিশীল ছিল।
সূত্র: সিএমজি





















