চীনের নতুন আরএনএ সম্পাদনা প্রযুক্তিতে বিরল ডিএমডি রোগের চিকিৎসায় অগ্রগতি - Mati News
Thursday, June 11

চীনের নতুন আরএনএ সম্পাদনা প্রযুক্তিতে বিরল ডিএমডি রোগের চিকিৎসায় অগ্রগতি

ফয়সল আবদুল্লাহ

চীনের গবেষকরা উন্নত আরএনএ সম্পাদনা প্রযুক্তি ‘লিপার’ ব্যবহার করে ডুচেন মাসকুলার ডিস্ট্রফি বা ডিএমডি নামের একটি বিরল ও জটিল জিনগত রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন। এই প্রযুক্তি ও এর ক্লিনিক্যাল প্রয়োগের ফলাফল বুধবার আন্তর্জাতিক জার্নাল সেল-এ প্রকাশিত হয়েছে।

এটি প্রথমবারের মতো চীনে উদ্ভাবিত আরএনএ এডিটিং প্রযুক্তির ক্লিনিক্যাল ট্রায়াল এবং একই সঙ্গে বিশ্বে প্রথমবার ডিএমডি চিকিৎসায় আরএনএন সম্পাদনা প্রযুক্তির প্রয়োগ।

ডিএমডি একটি গুরুতর বংশগত রোগ। জিনগত পরিবর্তনের কারণে এটা হয়। এতে ধীরে ধীরে পেশি ক্ষয় হয় এবং রোগী চলাফেরার সক্ষমতা হারান। অধিকাংশ ক্ষেত্রে শৈশবেই লক্ষণ দেখা দেয় এবং পরে শ্বাসযন্ত্র বা হৃদযন্ত্র বিকল হয়ে অকাল মৃত্যু ঘটে।

এ রোগের বর্তমান চিকিৎসা কেবল রোগের অগ্রগতি ধীর করতে পারে, কিন্তু পুরোপুরি নিরাময় করতে পারে না। ডিএমডি-সৃষ্ট জিনটি এত বড় যে প্রচলিত জিন থেরাপির মাধ্যমে সেটি সরাসরি শরীরে পৌঁছে দেওয়া যায় না। এ ছাড়া রোগীদের মধ্যে সাত হাজারেরও বেশি মিউটেশন থাকায় একক চিকিৎসা পদ্ধতি সবার জন্য কার্যকর হয় না।

নতুন লিপার প্রযুক্তিটি তৈরি করেছে ছাংপিং ল্যাবরেটরি ও পিকিং বিশ্ববিদ্যালয়-এর যৌথ গবেষক দল। দলের প্রধান ওয়েই ওয়েনশাং জানান, এই প্রযুক্তি ভুল জিনগত নির্দেশনা শনাক্ত করে নির্দিষ্ট আরএনএ অংশ অপসারণের মাধ্যমে কোষকে সঠিক প্রোটিন তৈরি করতে সহায়তা করে, ফলে পেশির কার্যক্ষমতাও ফিরে আসে।

এই প্রযুক্তির বিশেষত্ব হলো—এতে বাইরে থেকে কোনো জিন-সম্পাদনার এনজাইম প্রবেশ করাতে হয় না। বরং মানুষের শরীরে থাকা এনজাইম ব্যবহার করেই আরএনএ-কে নির্ভুলভাবে সম্পাদনা করা যায়।

সিএমজি বাংলা

https://img2.chinadaily.com.cn/images/202606/11/6a2a1cb4a310d68600ff42b6.jpeg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *