চীন-জাম্বিয়ার বন্ধুত্বে আলোকিত হলো আকাশ - Mati News
Monday, August 31

চীন-জাম্বিয়ার বন্ধুত্বে আলোকিত হলো আকাশ

চীন-জাম্বিয়া জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বিনিময়কে স্মরণ করা হলো ড্রোনের বর্ণিল আলোয়। শনিবার রাতে জাম্বিয়ার রাজধানী লুসাকার আকাশে শত শত সমন্বিত ড্রোনের আলো জ্বালানো হয়।

এই ড্রোন লাইট শো-য়ে তানজানিয়া-জাম্বিয়া রেলওয়ে, দুই দেশের জাতীয় পতাকা এবং জাম্বিয়ার অনন্য পর্যটন আকর্ষণগুলোর দৃশ্য আকাশে ফুটিয়ে তোলা হয়।

সুরের সঙ্গে সমন্বয় করে পরিচালিত এই ড্রোন প্রদর্শনীতে বর্ণিল আলো ব্যবহার করা হয়। দর্শকদের উল্লাস ও করতালিতে অনুষ্ঠানস্থলে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ।

অনুষ্ঠানে জাম্বিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হান চিং বলেন, গত কয়েক বছরে খনিজ, জ্বালানি ও পণ্য বাণিজ্যে চীন-জাম্বিয়া সহযোগিতা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। প্রাণবন্ত সাংস্কৃতিক বিনিময়ের মধ্য দিয়ে দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বও প্রতিফলিত হচ্ছে।

হান বলেন, ‘জনগণকেন্দ্রিক উন্নয়ন দর্শনকে সামনে রেখে চীন ও জাম্বিয়া বাস্তবভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা আরও গভীর করবে। প্রযুক্তিগত উদ্ভাবন কাজে লাগিয়ে আমরা জাম্বিয়ার আধুনিকায়ন প্রক্রিয়ায় সহায়তা করবো এবং দেশটির জনগোষ্ঠীর জন্য বাস্তব সুফল বয়ে আনবো।‘

জাম্বিয়ার মন্ত্রিসভার সচিব প্যাট্রিক কানগওয়া বলেন, দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক উদযাপনের এই আয়োজনে বন্ধুত্ব, সংস্কৃতি ও প্রযুক্তিগত উদ্ভাবনের সমন্বয় ঘটেছে।

তিনি আরও বলেন, ‘এটি শুধু প্রযুক্তির চমকপ্রদ প্রদর্শনী নয়; সংস্কৃতি, কূটনীতি ও পর্যটনের গল্প তুলে ধরার শক্তিশালী মাধ্যম হিসেবে প্রযুক্তি কীভাবে কাজে লাগতে পারে, এটি তারও একটি উদাহরণ।‘

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *