নেপালে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ কাদা-স্রোতের পর চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের জিরং বন্দরে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে সি চিন পিং সরকার। রোববার গণমুক্তি ফৌজ (পিএলএ) ও পিপলস আর্মড পুলিশ ফোর্সের অতিরিক্ত সদস্যদের দুর্গত এলাকায় পাঠানো হয়।
পিএলএ সিচাং মিলিটারি কমান্ডের একটি ব্রিগেড ছয়টি হেলিকপ্টার তিন দফায় জিরং বন্দরের মূল দুর্গত এলাকায় পাঠায়। এসব হেলিকপ্টারে ১৫ জন উদ্ধারকর্মী ও বিপুল পরিমাণ উদ্ধার সরঞ্জাম নেয়া হয়। গভীর উপত্যকা, প্রবল বায়ুপ্রবাহ ও জটিল উড্ডয়ন পরিস্থিতির মধ্যেও অভিযান চালায় তারা।
এদিকে, পিপলস আর্মড পুলিশ ফোর্সের সেকেন্ড মোবাইল কর্পসের একটি দল উদ্ধারকাজে যুক্ত হয়। তারা জিরং বন্দরের সঙ্গে সংযোগকারী জি-২১৬ জাতীয় মহাসড়কটি পুনরায় চালুর কাজ শুরু করে। ভূমিধসে সড়কটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধারকারী দল দুর্গত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়ে। তারপরও অনেক জায়গায় ধ্বংসাবশেষ সরাতে সক্ষম হয়েছে তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে ত্রাণ বিতরণ ও উদ্ধারকাজ।
সূত্র: সিএমজি




















