চীন-যুক্তরাষ্ট্রের গঠনমূলক সম্পর্ক ও কৌশলগত স্থিতিশীলতা জোরদারে দু’দেশের ঐকমত্য বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং। সোমবার বেইজিংয়ে তৃতীয় চীন-যুক্তরাষ্ট্র ‘ট্র্যাক ওয়ান পয়েন্ট ফাইভ’ সংলাপে অংশ নেয়া মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
চীনের রাজনৈতিক ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য ও চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ওয়াং হুনিং আরও বলেন, এ বছরের মে মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক, বিশ্বশান্তি এবং উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে গভীর মতবিনিময় করেন।
এ সময় চীনের শীর্ষ এ রাজনৈতিক উপদেষ্টা বলেন, বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ ঐকমত্য চীন আন্তরিকভাবে বাস্তবায়ন করতে প্রস্তুত। এ ছাড়া পারস্পরিক সঠিক বোঝাপড়া তৈরি, একে অপরের মূল স্বার্থের প্রতি সম্মান, বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা বাড়ানো এবং মতপার্থক্য যথাযথভাবে নিয়ন্ত্রণে গুরুত্ব দেন তিনি।
মার্কিন প্রতিনিধিরাও বলেন, দুই দেশের সম্পর্ক এখন গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। দুই রাষ্ট্রপ্রধানের সু-সম্পর্ককে দ্বিপক্ষীয় সম্পর্কের সবচেয়ে মূল্যবান অংশ হিসেবে উল্লেখ করে তারা সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়সহ ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন।
সূত্র: সিএমজি





















