চীনের ছোংছিং পৌর এলাকায় আকস্মিক ভয়াবহ পাহাড় ধসের পর রাতভর উদ্ধার অভিযান চালিয়েছেন উদ্ধারকর্মীরা। জীবিতদের খুঁজে বের করতে দুর্ঘটনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টায় চলছে উদ্ধার তৎপরতা।
শুক্রবার সকাল ৯টা ৮ মিনিটে ছোংছিংয়ের ফেংশুই মিয়াও ও থুচিয়া জেলার হানচিয়া উপ-জেলায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ১০টির বেশি বাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।
এ ঘটনার পরপরই চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জরুরি ব্যবস্থা নেয়। উদ্ধারকাজ, ঝুঁকি মূল্যায়ন ও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ১২০ জনের বেশি বিশেষজ্ঞ ঘটনাস্থলে পাঠানো হয়।
নতুন করে দুর্ঘটনা এড়াতে উদ্ধারকারীরা বড় এক্সকাভেটর দিয়ে পাহাড়ের ঢাল শক্ত করার কাজ করছেন। বিশেষ রাডারের মাধ্যমে পাহাড়ের নড়াচড়া সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে উদ্ধারকর্মীরা নিরাপদে কাজ করতে পারেন।
সূত্র: সিএমজি বাংলা





















