জুলাইয়ে চীনে গ্রীষ্মকালীন ভোগব্যয়ে উর্ধ্বগতি, তথ্যসেবায় শক্তিশালী প্রবৃদ্ধি - Mati News
Friday, July 31

জুলাইয়ে চীনে গ্রীষ্মকালীন ভোগব্যয়ে উর্ধ্বগতি, তথ্যসেবায় শক্তিশালী প্রবৃদ্ধি

চীনের সরকারি পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) অনুযায়ী, জুলাই মাসে দেশটিতে গ্রীষ্মকালীন ভোগব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে তথ্যসেবা-সংশ্লিষ্ট শিল্পখাতও শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রেখেছে। শুক্রবার এ তথ্য প্রকাশ করা হয়।

চায়না ফেডারেশন অব লজিস্টিকস অ্যান্ড পারচেজিংয়ের (সিএফএলপি) তথ্য অনুযায়ী, গ্রীষ্মকালীন ভ্রমণ ও ভোগব্যয়ের উল্লম্ফনের ফলে বিমান পরিবহন, পর্যটন, আবাসন এবং বিনোদনখাতের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

জুলাইয়ে বিমান পরিবহন খাত টানা দুই মাসের নিম্নমুখী প্রবণতা কাটিয়ে ঘুরে দাঁড়ায়। এ খাতের ব্যবসায়িক কার্যক্রম সূচক ৫৩ শতাংশের ওপরে উঠে যায়, যা আগের মাসের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি।

একই সময়ে অবকাশ ও বিনোদনমূলক কর্মকাণ্ডে চীনা নাগরিকদের ব্যয় বাড়ায় সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদন খাতের ব্যবসায়িক কার্যক্রম সূচক ৬০ শতাংশের ওপরে উঠে যায়। পাশাপাশি নতুন অর্ডার সূচকও ৫৫ শতাংশ অতিক্রম করে। উভয় সূচকই মাসভিত্তিক হিসেবে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।

আবাসনখাতেও ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। টানা দ্বিতীয় মাসের মতো এ খাতের ব্যবসায়িক কার্যক্রম সূচক বেড়ে ৫৩ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে, জুনের তুলনায় ৫ শতাংশ পয়েন্টেরও বেশি বেড়ে খাদ্য পরিবেশন বা ক্যাটারিং খাতের সূচকও পুনরুদ্ধারের ইঙ্গিত দিয়েছে।

তথ্যসেবায় জুলাইয়ে টেলিযোগাযোগ, সম্প্রচার, টেলিভিশন ও স্যাটেলাইট সঞ্চালনখাতের ব্যবসায়িক কার্যক্রম সূচক মাসভিত্তিক বেড়েছে এবং টানা পাঁচ মাস ধরে এটি ৫৫ শতাংশের ওপরে রয়েছে। একই সময়ে ইন্টারনেট ও সফটওয়্যার প্রযুক্তিসেবা খাতের সূচকও টানা চার মাস ৫৪ শতাংশের ওপরে অবস্থান করেছে।

সিএফএলপির সহসভাপতি ও মহাসচিব মা চেংরোং বলেন, ‘এআই প্লাস উদ্যোগের ফলে সৃষ্ট ধারাবাহিক চাহিদা তথ্যসেবা-সংশ্লিষ্ট শিল্পগুলোর প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে এবং এটি চীনের উদ্ভাবননির্ভর অর্থনৈতিক গতিশীলতাকে ধারাবাহিকভাবে শক্তিশালী করছে।‘

চীনের উৎপাদন-বহির্ভূত খাতের ব্যবসায়ীরা আরও আশাবাদী হয়ে উঠছেন। জুলাইয়ে ব্যবসায়িক কার্যক্রম প্রত্যাশা সূচক বেড়ে ৫৫ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে, যা টানা চতুর্থ মাসের মতো বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের ধারণা, আবহাওয়াজনিত প্রতিবন্ধকতা কমে আসার সঙ্গে সঙ্গে নির্মাণখাতের পুনরুদ্ধার এবং গ্রীষ্মকালীন ভোগব্যয়ের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকায় আগামী মাসগুলোতে চীনের উৎপাদন-বহির্ভূত খাত আরও শক্তিশালী হবে।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *