চীনের তাইওয়ানকে চীনের কাছে ফিরিয়ে দেওয়ার ৮১তম বার্ষিকী উপলক্ষে তাইওয়ান প্রণালির উভয় পাশে স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের অভিন্ন প্রতিরোধের ইতিহাস স্মরণ করা হয় এবং জাতীয় পুনরেকত্রীকরণের আহ্বান জানানো হয়। বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের মুখপাত্র ছেন বিনহুয়া এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে ছেন বিনহুয়া বলেন, ‘২৫ অক্টোবর ফুচিয়ান প্রদেশের ফুচৌতে তাইওয়ানকে জাপানি শাসন থেকে চীনের কাছে ফিরিয়ে আনার ৮১তম বার্ষিকী উপলক্ষে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। তাইওয়ান প্রণালির উভয় প্রান্ত থেকে আসা অংশগ্রহণকারীরা ‘তাইওয়ান পুনরুদ্ধার দিবস’ প্রতিষ্ঠার তাৎপর্যের ভূয়সী প্রশংসা করেন। তারা সবাই মিলে চীনা জনগণের সেই গৌরবময় যাত্রাকে স্মরণ করেন, যারা ঐক্যবদ্ধ হয়ে রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং তাইওয়ানকে পুনরুদ্ধার করেছিলেন।‘
ছেন আরও বলেন, ‘উপস্থিত সবাই একমত পোষণ করেছেন যে, প্রণালির উভয় প্রান্তের বাসিন্দারের ইতিহাস মনে রাখা উচিত। তাদের উচিত একে অপরের হাত ধরে তাইওয়ান পুনরুদ্ধারের এই অর্জনকে দৃঢ়ভাবে রক্ষা করা’।
১৮৯৪ সালে চীন-জাপান যুদ্ধের পর ১৮৯৫ সালে জাপান তাইওয়ান ও ফেংহু দ্বীপপুঞ্জ দখল করে নেয়। এরপর প্রায় পাঁচ দশক ধরে দ্বীপটি জাপানি ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। ১৯৪৫ সালে তাইওয়ান পুনরুদ্ধারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধের এক কষ্টার্জিত বিজয় হিসেবে উল্লেখ করা হয়।
২০২৫ সালের অক্টোবরে চীনের জাতীয় আইনসভা ২৫ অক্টোবরকে ‘তাইওয়ান পুনরুদ্ধার দিবস’ হিসেবে নির্ধারণ করে।
সূত্র: সিএমজি















