চীনের স্টেট কাউন্সিলের জেনারেল অফিস সম্প্রতি একটি নতুন কর্মপরিকল্পনা প্রকাশ করেছে, যার মূল লক্ষ্য হলো নদী, পুকুর, খাল এবং জনবসতির নিকটবর্তী ছোট জলাশয়গুলোর দূষণ রোধ করা। এই পদক্ষেপের মাধ্যমে চীন তার ছোট জলপথগুলোর পরিবেশগত মান উন্নয়নে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।
নতুন এই পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- প্রাদেশিক পর্যায়ের বা তার ওপরের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন শিল্প পার্কগুলোতে দূষণ পরীক্ষা ও পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করা, কাউন্টি ও টাউনশিপ পর্যায়ে বিদ্যমান কালো এবং দুর্গন্ধযুক্ত জলাশয়গুলো প্রায় পুরোপুরি নির্মূল, গুরুত্বপূর্ণ এলাকায় গবাদি পশু ও হাঁস-মুরগির খামারের বর্জ্যের সরাসরি প্রভাব নিয়ন্ত্রণ এবং ২০৩০ সালের মধ্যে জনবসতির নিকটবর্তী জলাশয়গুলোতে অস্বাভাবিক বিবর্ণতা, দুর্গন্ধ এবং দৃশ্যমান বর্জ্যমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে।
সাম্প্রতিক বছরগুলোতে চীন প্রধান নদীগুলোর পানির গুণমান উন্নয়নে ধারাবাহিক সাফল্য অর্জন করেছে। তবে ছোট শাখা নদী, পুকুর, খাল এবং ড্রেনগুলোর দূষণ দিন দিন প্রকট হয়ে উঠছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও জীবিকার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই নতুন প্রচারাভিযানটি কাউন্টি ও গ্রামীণ এলাকা পর্যন্ত জল দূষণ নিয়ন্ত্রণ কার্যক্রমকে বিস্তৃত করবে এবং পৃষ্ঠতলের পানি ও ভূগর্ভস্থ পানি—উভয়কেই এর আওতায় নিয়ে আসবে।
সূত্র: সিএমজি





















