ধানের সুরক্ষায় নতুন জিন আবিষ্কার চীনে - Mati News
Monday, April 13

ধানের সুরক্ষায় নতুন জিন আবিষ্কার চীনে

ধানের মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম নতুন একটি জিন আবিষ্কার করেছেন চীনের বিজ্ঞানীরা। গবেষণাটি বুধবার আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, নতুন আবিষ্কৃত জিনটি ধানকে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট রোগ থেকে রক্ষা করতে পারে। এই রোগ ধানের পাতার আলোকসংশ্লেষণ প্রক্রিয়া নষ্ট করে দেয়, ফলে ধানের শিষ শুকিয়ে যায় এবং ফসল নষ্ট হয়।

গবেষণায় অংশ নেন চীনের বিজ্ঞান একাডেমির অধীন সেন্টার ফর এক্সেলেন্স ইন মলিকিউলার প্ল্যান্ট সায়েন্সেস, শাংহাই চিয়াও থোং বিশ্ববিদ্যালয় এবং চেচিয়াং বিশ্ববিদ্যালয়-এর বিজ্ঞানীরা। রোগ প্রতিরোধের উপায় খুঁজতে তারা প্রায় দুই দশক ধরে গবেষণা চালিয়েছেন।

গবেষকেরা প্রায় তিন হাজার ধানের জাত পরীক্ষা করে এক্সএ৪৮ নামের একটি জিন শনাক্ত করেন। জিনটি ধানের নিরাপত্তা ব্যবস্থার মতো কাজ করে। এটি ব্যাকটেরিয়ার উৎপাদিত একটি বিশেষ প্রোটিন শনাক্ত করে এবং প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করে।

গবেষকেরা নতুন এই জিনের সঙ্গে আগের প্রতিরোধী জিন এক্সএ২১-কে একত্র করে একটি ‘দ্বিস্তর প্রতিরোধ ব্যবস্থা’ তৈরি করেছেন। এতে করে এটি বুনো ধানের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার মতোই কাজ করে।

বিশেষজ্ঞদের মতে, কীটনাশক ব্যবহার সত্ত্বেও চীনে প্রতি বছর পোকামাকড় ও রোগের কারণে অন্তত ১ কোটি ৮০ লাখ টন শস্য নষ্ট হয়।

এই প্রযুক্তি ব্যবহার করে নতুন প্রজন্মের সহনশীল ধানের জাত উদ্ভাবনে কাজ করছে লোংপিং হাই-টেক অ্যাগ্রিকালচার এবং চীনের জাতীয় ধান গবেষণা ইনস্টিটিউট।

সিএমজি

https://img2.chinadaily.com.cn/images/202604/08/69d5a778a310d68600fb3062.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *