গতকাল (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে চীন সরকারের কঠোর অবস্থান ব্যক্ত করেছেন।
সংবাদ সম্মেলনে ব্লুমবার্গ-এর এক সাংবাদিক প্রশ্ন করেন: সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্টো তেওদোরো অভিযোগ করেছেন যে, ফিলিপাইনে চীনা নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত আইন প্রয়োগকারী অভিযানের বদলা নিতে ও ফিলিপাইনের ওপর চাপ সৃষ্টি করতেই চীন ফিলিপিনো কর্মীদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করছে। এ বিষয়ে চীনের প্রতিক্রিয়া কী?
এর জবাবে মুখপাত্র কুও চিয়া খুন স্পষ্ট ভাষায় বলেন, ‘চীনে অবস্থানরত যেকোনো বিদেশি নাগরিকের অবশ্যই চীনের প্রচলিত আইন ও নীতি অনুসরণ করে চলা উচিত। চীনের অভিবাসন কর্তৃপক্ষ সম্পূর্ণ আইনানুযায়ী তাদের দায়িত্ব পালন করছে এবং জড়িত ব্যক্তিদের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষা নিশ্চিত করছে; এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হচ্ছে না।”
তিনি আরও যোগ করেন, ‘আমার প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ফিলিপিনো প্রতিরক্ষামন্ত্রীই ইতিপূর্বে নিজে সশস্ত্র বাহিনীকে সাথে নিয়ে ফিলিপাইনে স্বাভাবিক ও বৈধভাবে কর্মরত চীনা নাগরিকদের আটক ও গ্রেপ্তার করেছিলেন। এই ব্যক্তি ধারাবাহিকভাবে চীনের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য ও কুৎসা রটনা করে আসছেন—যা কেবল চীন-ফিলিপাইন দ্বিপাক্ষিক সম্পর্ককেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং ফিলিপাইন রাষ্ট্র ও সে দেশের জনগণের নিজস্ব স্বার্থেরও চরম ক্ষতিসাধন করছে।’
সূত্র: সিএমজি




















