বিপর্যয়ের দিনে উদ্ধারকর্মীদের পাশে জিরংয়ের ব্যবসায়ীরা - Mati News
Tuesday, September 29

বিপর্যয়ের দিনে উদ্ধারকর্মীদের পাশে জিরংয়ের ব্যবসায়ীরা

চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের শিগাতসে শহরের জিরং কাউন্টিতে ভয়াবহ ভূমিধসের পর উদ্ধারকর্মী ও সম্মুখসারির কর্মীদের বিনামূল্যে প্রয়োজনীয় সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

গত ২৬ আগস্ট সকালে নেপালের অংশে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ ভূমিধস চীন-নেপাল সীমান্তের দুর্গম এলাকায় আঘাত হানে। এতে প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

দুর্যোগের পর জিরং কাউন্টির নির্মাণসামগ্রীর দোকানের মালিক চেং ইয়ং তার ব্যবসাপ্রতিষ্ঠান ২৪ ঘণ্টা খোলা রাখেন। উদ্ধার ও পুনরুদ্ধার কাজে নিয়োজিত কর্মীদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থাও করেন তিনি।

চেং ইয়ং বলেন, ‘আমি অন্য কিছু ভাবিনি। শুধু জানতাম, দুর্যোগ মোকাবিলায় নির্মাণসামগ্রী অবশ্যই প্রয়োজন হবে। আমাদের কাছে যা ছিল, তা-ই দিয়েছি এবং সারাদিন দোকান খোলা রেখেছি।’

দুর্যোগের রাতেই চেং ও তার পরিবারের সদস্য এবং দোকানের কর্মীরা মিলে ১৬টি অস্থায়ী শয্যা তৈরি করেন। পাশাপাশি জরুরি ভিত্তিতে বিছানাপত্রও কিনে আনা হয়। প্রায় ছয় থেকে সাত ঘণ্টার টানা পরিশ্রমে দোকানের দ্বিতীয় তলার অফিস কক্ষকে সম্মুখসারির কর্মীদের বিশ্রামকেন্দ্রে পরিণত করা হয়।

চায়না রেলওয়ে কুয়াংচৌ ইঞ্জিনিয়ারিং ব্যুরো গ্রুপের ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির কর্মী চাং সুহুই জানান, তিনি ঘটনাস্থলে মূলত স্টিলের খাঁচা তৈরির কাজে ছিলেন এবং টানা দুই দিন এক রাত কাজ করেছেন। সম্মুখসারির তাঁবুগুলো পূর্ণ থাকায় বিশ্রামের সুযোগও ছিল সীমিত।

তিনি বলেন, ‘তাদের উদ্ধারকাজের কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। অনেক সময় তারা গভীর রাতে ফিরে আসে। তাই তারা যেন যেকোনো সময় ফিরতে পারে, সে জন্য আমি সবসময় আলো জ্বালিয়ে রাখি।’

এদিকে জিরং কাউন্টির বিভিন্ন সড়কে অস্থায়ী স্বেচ্ছাসেবী সেবা কেন্দ্রও স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্র ২৪ ঘণ্টা চালু রেখে উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *