প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও উন্নয়ন আরও জোরদার করতে পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা (২০২৬-২০৩০) মেয়াদে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করেছে চীন। রোববার রাষ্ট্রীয় কাউন্সিল তথ্য অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন চীনের প্রতিবন্ধী ব্যক্তিদের ফেডারেশনের চেয়ারম্যান ছেং খাই।
তিনি জানান, নতুন পরিকল্পনার আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন সংশোধন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের উপযোগি অবকাঠামো নির্মাণ-সংক্রান্ত আইন বাস্তবায়নে স্থানীয় বিধিমালা প্রণয়ন এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের শিক্ষা ও প্রাপ্তবয়স্ক অভিভাবকত্ব-সংক্রান্ত আইনি কাঠামো আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।
ছেং বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও সমান সুযোগ নিশ্চিত করাই এ পরিকল্পনার মূল লক্ষ্য। শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং সহজগম্য পরিবেশ তৈরির ক্ষেত্রে আইনি ও নীতিগত সহায়তা আরও বাড়ানো হবে।
বর্তমানে চীনে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় ১১০টিরও বেশি আইন, ৭০টির বেশি প্রশাসনিক বিধিমালা এবং ৯০টির বেশি স্থানীয় প্রবিধান কার্যকর রয়েছে।
সূত্র: সিএমজি



















