যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে মিশরে চীনের যুদ্ধবিমান - Mati News
Monday, September 14

যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে মিশরে চীনের যুদ্ধবিমান

যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ) বিমানবাহিনীর একটি দল শুক্রবার মিশরে পৌঁছেছে।‘ঈগলস অব সিভিলাইজেশন-২০২৬’ নামে এই মহড়া আগস্টে শুরু হয়ে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এটি চীন ও মিশরের বিমানবাহিনীর মধ্যে দ্বিতীয় যৌথ প্রশিক্ষণ মহড়া।

মহড়ায় আকাশযুদ্ধের কৌশল, আকাশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধার এবং সামরিক বাহিনীর সমন্বিত অভিযানসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

বৃহস্পতিবার চীনের একটি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে চীনা বিমানবহরটি ৬ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে দুই মহাদেশের চারটি দেশের আকাশসীমা অতিক্রম করে প্রায় ৯ ঘণ্টা পর মিশরে পৌঁছায়।

চীনা দলের সদস্য লি মিংইয়াং বলেন, মিশনে যাওয়ার আগে রুট পরিকল্পনা, আবহাওয়া পরিস্থিতি ও জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়ে বিস্তারিত প্রস্তুতি নেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের সামরিক বাহিনী একাধিক বিদেশি মিশনে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে বলেও জানান তিনি।

মিশরে পৌঁছানোর পর চীনা সেনারা দ্রুত সরঞ্জাম নামানো ও প্রয়োজনীয় ব্যবস্থা স্থাপন করে। পাশাপাশি মিশরীয় পক্ষের সঙ্গে সমন্বয় ও মতবিনিময় শুরু করে এবং আসন্ন মহড়ার জন্য বিমান পরিচালনার প্রস্তুতিও নেয়।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *