সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েলকে সেনা প্রত্যাহারের আহ্বান চীনের - Mati News
Thursday, September 24

সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েলকে সেনা প্রত্যাহারের আহ্বান চীনের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে সিরিয়ায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন। একই সঙ্গে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকৃত গোলান মালভূমি থেকে ইসরায়েলকে অবিলম্বে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দেশটি।

সম্প্রতি নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘের স্থায়ী মিশনে চীনের উপ-প্রতিনিধি সুন লেই বলেন, গোলান মালভূমি আন্তর্জাতিকভাবে অধিকৃত সিরীয় ভূখণ্ড হিসেবে স্বীকৃত। সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য ইসরায়েল ও সিরিয়ান বাহিনীর মধ্যে ১৯৭৪ সালের সেনা প্রত্যাহার চুক্তি বাস্তবায়ন করা বাধ্যতামূলক। তিনি আরও বলেন, চীন সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানায় এবং দেশটির সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতাকে আন্তরিকভাবে সম্মান জানাতে সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।

নিরাপত্তা পরিষদের এই বৈঠকে সিরিয়ার রাজনৈতিক রূপান্তর এবং মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সিরিয়ার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের উদ্দেশে চীনা প্রতিনিধি বলেন, প্রশাসন পরিচালনা শক্তিশালী করা, অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়া অনুসরণ এবং অর্থনৈতিক পুনর্গঠনকে ত্বরান্বিত করার এই সুযোগটি তাদের কাজে লাগানো উচিত। এই পুরো প্রক্রিয়াটি সিরিয়ার নিজস্ব নেতৃত্ব ও মালিকানাধীন হতে হবে, যেখানে সব জাতি ও ধর্মীয় গোষ্ঠীর অধিকার এবং স্বার্থ সমানভাবে সুরক্ষিত থাকবে।

সন্ত্রাসবাদকে এখনো একটি বড় হুমকি হিসেবে উল্লেখ করে সুন লেই বলেন, নিরাপত্তা পরিষদ কর্তৃক তালিকাভুক্ত সব আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সিরিয়ার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে। দীর্ঘ এক দশকের সংঘাতের পর সিরিয়ার সাধারণ মানুষ আর কোনো নতুন যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না উল্লেখ করে তিনি বলেন, সিরিয়ার স্থিতিশীলতা মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি উন্নত করতে সাহায্য করবে। সিরিয়ায় নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

সূত্র: সিএমজি

Chinese envoy calls for efforts to break Libya's political impasse

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *