চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং ও শেনচেনের মধ্যে যাতায়াত আরও সহজ করতে আধুনিকায়ন করা হুয়াংকাং বন্দর চালু হচ্ছে আজ সোমবার। রোববার শেনচেনে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে বন্দরটির কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়।
নতুন করে নির্মিত এ বন্দরে শুল্ক ও অভিবাসন কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন করা যাবে। কর্তৃপক্ষের প্রত্যাশা, এর ফলে চীনের কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চলে যোগাযোগ বাড়বে এবং সীমান্ত পারাপার সহজ হবে।
বন্দরটিতে ‘সহযোগিতামূলক পরিদর্শন ও যৌথ ছাড়পত্র’ পদ্ধতি চালু করা হবে। এর আওতায় যাত্রী ও যানবাহনের জন্য ২৪ ঘণ্টা সীমান্ত পারাপারের সেবা পাওয়া যাবে। নতুন ব্যবস্থায় সীমান্ত পার হতে প্রয়োজনীয় সময় প্রায় ৩০ মিনিট থেকে কমে পাঁচ মিনিটে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।
মোট ৬ লাখ ৮৯ হাজার ৭০০ বর্গমিটার আয়তনের এ স্থাপনায় রয়েছে ভূগর্ভে চারটি ও মাটির ওপরে পাঁচটি তলা। এটি চীনের বৃহত্তম একক বন্দর ভবন এবং বিশ্বের বৃহত্তম স্থলবন্দর কমপ্লেক্স হিসেবে পরিচিত।
১৯৮৯ সালে চালু হওয়া পুরোনো হুয়াংকাং বন্দরটি ছিল চীনের প্রথম বড় আকারের ২৪ ঘণ্টা চালু থাকা স্থলবন্দর। এ পর্যন্ত কয়েক কোটি নয়, বরং কয়েকশ কোটি যাত্রী এ বন্দর ব্যবহার করেছেন।
সূত্র: সিএমজি বাংলা




















