৪০ দিনের বেশি গভীর সমুদ্র অভিযান, নতুন রেকর্ড চীনের লিয়াওনিংয়ের - Mati News
Sunday, October 25

৪০ দিনের বেশি গভীর সমুদ্র অভিযান, নতুন রেকর্ড চীনের লিয়াওনিংয়ের

গভীর সমুদ্রে নিজেদের ইতিহাসে দীর্ঘতম ও সবচেয়ে নিবিড় সামরিক মহড়ার বিস্তারিত তথ্য শনিবার প্রকাশ করেছে চীন। রোববার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সিসিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দেশটির প্রথম বিমানবাহী রণতরী লিয়াওনিংয়ের নেতৃত্বাধীন নৌবহর দক্ষিণ চীন সাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে ৪০ দিনব্যাপী বিভিন্ন যুদ্ধপ্রস্তুতিমূলক মহড়া চালায়। ২০১২ সালের সেপ্টেম্বরে কমিশন লাভের পর এটি রণতরীটির দীর্ঘতম প্রশিক্ষণ অভিযান।

দীর্ঘ এই মহড়া অব্যাহত রাখার নেপথ্যে চাবিকাঠি হিসেবে কাজ করেছে ৫০ হাজার টন ওজনের বিশাল রসদবাহী জাহাজ ‘হুলুনহু’। জাহাজটির বিশাল ধারণক্ষমতা এবং বিপুল রসদ সরবরাহের সামর্থ্যই রণতরী বহরটিকে সমুদ্রে টানা টিকে থাকতে সাহায্য করেছে। এটি একসঙ্গে গোলাবারুদ, জ্বালানি, বিশুদ্ধ পানি ও বিমান জ্বালানিসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে।

পশ্চিম প্রশান্ত মহাসাগরের জলসীমায় লিয়াওনিং বহরটি একটি উভচর অ্যাসল্ট ফ্লিট বা ল্যান্ডিং বহরের সাথে যৌথ যুদ্ধ অনুশীলন সম্পন্ন করে। এর মাধ্যমে গভীর সমুদ্রের যুদ্ধ পরিস্থিতিতে উভচর বাহিনীর সাথে বিমানবাহী বহরের সমন্বিত অপারেশন পরিচালনার দক্ষতা যাচাই করা হয়।

এ ছাড়া, চীনের ওয়াইইউ-২০ জ্বালানিবাহী বিমান পশ্চিম প্রশান্ত মহাসাগরে জে-১৫টি যুদ্ধবিমানে আকাশপথে জ্বালানি সরবরাহ করে। দূরসমুদ্রে যুদ্ধবিমানের কার্যক্ষমতা বাড়ানো এবং যৌথ সামরিক অভিযানের সক্ষমতা জোরদারে এ ঘটনাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে চীন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *