চাকরি হারালেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তা - Mati News
Sunday, September 27

চাকরি হারালেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তা

কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক আলোচিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয়জন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই আদেশ কার্যকর করা হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বরখাস্ত হওয়া অপর পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন কাজী আশরাফুল আজীম, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস এবং মো. ইকবাল হোসাইন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই ছয় কর্মকর্তাই এর আগে সাময়িক বরখাস্তের আওতায় ছিলেন। সাময়িক বরখাস্ত থাকাকালীন বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তীকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। এছাড়া মো. ইকবাল হোসাইনকে খুলনা রেঞ্জ এবং কাজী আশরাফুল আজীমকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছিল।

অন্যদিকে, মো. গোলাম রুহানী ও রাজন কুমার দাস সাময়িক বরখাস্ত অবস্থায় কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং বর্তমানে পলাতক রয়েছেন। তাদের সবার বিরুদ্ধেই সরকারি বিধি অনুযায়ী স্থায়ী বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের এই বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *