মালয়েশিয়ায় মিহাস ২০২৬ শুরু, বাংলাদেশের ছয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ - Mati News
Monday, October 19

মালয়েশিয়ায় মিহাস ২০২৬ শুরু, বাংলাদেশের ছয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে ২২তম মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (মিহাস ২০২৬)। আন্তর্জাতিক হালাল বাণিজ্যের এ প্রদর্শনীতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তায় বাংলাদেশের ছয়টি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। বুধবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী মেলা চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এবারের মেলার প্রতিপাদ্য ‘আস্থা গড়ে তোলা, সহনশীলতা বৃদ্ধি’। মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মেলা আয়োজন করছে দেশটির বহিঃবাণিজ্য উন্নয়ন কর্পোরেশন।

মেলায় বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো এপেক্স কনভিনিয়েন্স ফুডস লিমিটেড, ঘরের বাজার, প্যারাগন এগ্রো লিমিটেড, তালুকদার এগ্রো ফুডস অ্যান্ড বেভারেজ, নোরিশ ফুডস লিমিটেড ও বায়োফার্মা লিমিটেড। এ ছাড়া পৃথক একটি বুথে ইপিবি ও কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্যের ব্রশিওর, প্রকাশনা ও প্রচারণামূলক তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে।

বৃহস্পতিবার বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খানের। এবারের মেলায় ৪৫টি দেশ থেকে প্রায় ৫০ হাজার দর্শনার্থী ও ক্রেতার সমাগম প্রত্যাশা করছে আয়োজকরা। দুই হাজারের বেশি বুথে প্রায় ১ হাজার ৭০০ প্রতিষ্ঠান পণ্য ও সেবা প্রদর্শন করছে।

এবারের আয়োজনে ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা মেলার তথ্য ও দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পাচ্ছেন সহজেই।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *