বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত চীনের উচ্চ-প্রযুক্তি শিল্পে বিনিয়োগ গত বছরের তুলনায় ৫ দশমিক ২ শতাংশ বেড়েছে। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির জাতীয় পরিসংখ্যান বুর্যোর মুখপাত্র ওয়াং কুয়ানহুয়া।
ওয়াং জানান, সরকারি নীতি এবং বাজারের চাহিদার কারণে স্থানীয় সরকারগুলো এখন ভবিষ্যৎমুখী ও নতুন শিল্প গড়ে তোলার ওপর বেশি জোর দিচ্ছে। এর ফলে নতুন খাতের ব্যবসাগুলোতে বিনিয়োগ দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে।
খাতওয়ারি পর্যালোচনায় দেখা যায়, এআই প্রযুক্তি ও এর ব্যবহারের চাহিদা দ্রুত বাড়ায় কোম্পানিগুলো এই খাতের সাথে জড়িত অন্যান্য শিল্পেও বিনিয়োগ বাড়িয়েছে। এর মধ্যে ইলেকট্রনিক উপাদান তৈরি এবং চিপ বা ইন্টিগ্রেটেড সার্কিট তৈরিতে বিনিয়োগ যথাক্রমে ৮ দশমিক ৫ শতাংশ ও ১২ শতাংশ বেড়েছে।
এছাড়া বৈদ্যুতিক গাড়ি ও শক্তি সঞ্চয় ব্যবস্থার চাহিদা ব্যাপকহারে বাড়ায় লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরির শিল্পে বিনিয়োগ এক লাফে ২০ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।বিনিয়োগের এই খাতের পাশাপাশি বৃহৎ পরিসরে সরঞ্জাম নবায়ন নীতির অব্যাহত প্রভাবের কথাও তুলে ধরেন ওয়াং কুয়ানহুয়া।
সূত্র: সিএমজি














