বুথ থেকে টাকা চুরি করেছেন রাশিয়ার নাগরিকও
রাজধানীর ৯টি এটিএম বুথে জালিয়াতির ঘটনায় আরও তিন বিদেশির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এদের একজন রাশিয়ার পাসপোর্টধারী ছিলেন বলে নিশ্চিত হতে পেরেছেন তদন্তকারী কর্মকর্তারা। বাকি দুজনের পরিচয় জানা যায়নি। নিকুঞ্জ, রেডিসন ও রামপুরার ডিআইটি রোডের চারটি এটিএম বুথ থেকে এই তিনজন টাকা তুলেছিলেন। শনাক্ত হওয়া ওই ব্যক্তির নাম ভ্লাদিস্লাভ সের্গিয়েভিচ (৩৪)। পাসপোর্ট অনুযায়ী তিনি রাশিয়ার নাগরিক। ৩১ মে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। ওই দিন সন্ধ্যায় তিনি গুলিস্তানের হোটেল সালিমারে ওঠেন। ৪ জুন রাত নয়টা দশ মিনিটে হোটেল ছেড়ে দেন। ওইদিনই রাত একটা ৫৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশ ছাড়েন।
ঘটনা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বলছেন, ভ্লাদিস্লাভ যখন হোটেল সালিমারে ছিলেন তখন ২ জুন সন্ধ্যা পৌনে সাতটার দিকে আরও দুই বিদেশি ওই হোটেলে গিয়ে তার (ভ্লাদিস্লাভ সের্...










