বর্ষায় নতুন রূপ পেয়েছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড়
শ্রাবণের অঝোর ধারায় রাঙ্গামাটির বরকল উপজেলার শিলার ডাক এলাকার সুবলং ঝরনা এখন এক অপরূপ সৌন্দর্যের আধার। বর্ষার ভরা মৌসুমে প্রায় ৩০০ ফুট উঁচু থেকে পাহাড়ের বুক চিরে নিচে আছড়ে পড়া জলধারা পর্যটকদের বিমোহিত করছে। কয়েক দশক ধরে দেশি-বিদেশি ভ্রমণপিপাসুদের কাছে পরিচিত এই ঝরনাটি প্রকৃতির এক অনন্য দান হিসেবে বিবেচিত হয়ে আসছে। পর্যটকদের সুবিধার্থে বরকল উপজেলা প্রশাসন ঝরনার আশেপাশে প্রয়োজনীয় কিছু স্থাপনাও নির্মাণ করেছে।রাঙ্গামাটি সদর থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ঝরনায় পৌঁছাতে হয় কাপ্তাই হ্রদ পাড়ি দিয়ে। বোটযোগে হ্রদের শান্ত জলরাশি ও পাহাড়ের কোল ঘেঁষে যাত্রাপথটি পর্যটকদের জন্য এক বাড়তি পাওনা। বর্তমানে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ইঞ্জিনচালিত বোটে করে পর্যটকদের আসা-যাওয়ার দৃশ্য চোখে পড়ার মতো। কেউ পরিবার নিয়ে, আবার কেউ বন্ধু-বান্ধবদের সঙ্গে প্রকৃতির এই সান্নিধ্য নিতে ছুটে আসছেন।চট্টগ্রাম থেকে...
