চীনে উন্মোচিত হলো দ্বিতীয় প্রজন্মের ট্রাই-ফোল্ড স্মার্টফোন ‘মেট এক্সটি ২’ - Mati News
Tuesday, September 8

চীনে উন্মোচিত হলো দ্বিতীয় প্রজন্মের ট্রাই-ফোল্ড স্মার্টফোন ‘মেট এক্সটি ২’

দ্বিতীয় প্রজন্মের ট্রাই-ফোল্ড বা তিন ভাঁজ করা যায় এমন স্মার্টফোন ‘মেট এক্সটি ২’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।

সোমবার কুয়াংচৌতে আয়োজিত এক জমকালো ইভেন্টে আকর্ষণীয় ডিজাইনের এই স্মার্ট ফোনটি উন্মোচন করা হয়।

ডিভাইসের সবচেয়ে বড় চমক হলো হুয়াওয়ের সর্বাধুনিক ‘কিরিন ৯০৫০ প্রো’ চিপসেট, যা বাজারের প্রথম কোনো হাই-পারফরম্যান্স চিপ হিসেবে প্রতিষ্ঠানটির অভিনব ‘লজিক-ফোল্ডিং’ প্রযুক্তি ব্যবহার করেছে।

এই লঞ্চটি হুয়াওয়ের জন্য একটি ঐতিহাসিক প্রত্যাবর্তন। দীর্ঘ ছয় বছর আগে ‘মেট ৪০’ গ্লোবাল লঞ্চ ইভেন্টের পর এই প্রথম কোনো ফ্ল্যাগশিপ অনুষ্ঠানে নিজস্ব কিরিন চিপ উন্মোচন করল চীনের এই প্রযুক্তি জায়ান্ট।

নতুন কিরিন ৯০৫০ প্রো চিপসেটের কার্যপদ্ধতি প্রথাগত প্রসেসরের তুলনায় সম্পূর্ণ আলাদা। এতে চিপের ভেতরের লজিক ইউনিটগুলোকে একটি একক স্তরের পরিবর্তে স্তরে স্তরে বা লেয়ারড স্ট্যাক হিসেবে সাজানো হয়েছে। বিষয়টিকে একতলা বাড়ি থেকে ডুপ্লেক্সে উন্নীত করার সাথে তুলনা করা চলে, যেখানে উল্লম্ব বা ভার্টিক্যাল ইন্টারকানেক্ট চ্যানেলগুলো কাজ করে ইনস্টল করা ‘লিফটের’ মতো। এই অভিনব স্থাপত্য সিগন্যাল বা সংকেত প্রেরণের পথকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে, কাজের ল্যাটেন্সি বা বিলম্ব হ্রাস করে এবং ব্যবহারকারীকে দেয় অতুলনীয় ও উচ্চগতির পারফরম্যান্স।

ফোল্ডেবল ফোনের বাজারে নিজেদের আধিপত্য বজায় রাখতে এবং চিপ ডিজাইন প্রযুক্তিতে বিশ্বকে তাক লাগিয়ে দিতে হুয়াওয়ের এই নতুন মেট এক্সটি ২ এবং কিরিন ৯০৫০ প্রো প্রসেসর এক অনন্য সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করেছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *