মার্চ ৩০, সিএমজি বাংলা ডেস্ক: প্রতিদিনই কোন না কোন রোবট আবিষ্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে চীন। কখনো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর, কখনো ভিন্ন ধরনের রোবটের সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দিচ্ছে চীনা প্রতিষ্ঠানগুলো। তেমনিই রোবট প্রযুক্তিতে নতুন নজির স্থাপন করছে ‘রোবট স্কুল’। চীনের রাজধানী বেইজিংয়ে হয়ে যাওয়া এবারের ‘২০২৬ চুংকুয়ানছুন সম্মেলনে উন্নতমানের মেধাবী রোবট নজর কেড়েছে সবার।
ওই সম্মেলনে রোবট তথ্য প্রশিক্ষণ কেন্দ্রে চলে বিশেষ কিছু প্রশিক্ষণ কার্যক্রম। যেখানে রোবটগুলোকে শিল্প কারখানা, স্মার্ট হোম এবং বাণিজ্যিক সেবার মতো নানা বাস্তব পরিস্থিতিতে কাজ শেখানো হয়। কিছু রোবটের মধ্যে তথ্য ঢুকিয়ে দেয়া হলে রোবটের ‘মস্তিষ্ক’ আরও দ্রুতগতির এবং কার্যক্ষম হয়ে উঠে।
বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এই রোবটগুলো কারখানা, সুপারমার্কেট এবং ঘরোয়া কাজে ব্যবহার করা হবে, যা মানুষের দৈনন্দিন জীবনকে করে তুলবে আরও সহজ।
বেইজিংয়ের চুংকুয়ানছুন এলাকার একটি উদ্ভাবনী শিল্প পার্কে রোবটের দ্রুত ও দক্ষ চলাচলের পেছনের প্রযুক্তি নিয়েও কাজ চলছে। চীনে মানবসদৃশ রোবট তৈরির ক্ষেত্রে হাতের সূক্ষ্ম নড়াচড়া নিয়ন্ত্রণ এবং উন্নত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছেই।
আর, এই খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বেইজিং নোইথম টেকনোলজি কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি নিজস্ব প্রযুক্তিতে তৈরি উচ্চ-নির্ভুলতা সম্পন্ন মোশন ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে এর গতিবিধি আরও মানবসদৃশ করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, এসব উদ্যোগ ভবিষ্যতে শিল্পখাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে এবং রোবট প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
সিএমজি
























