নতুন ইলেক্ট্রোলাইট প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনের নানখাই ইউনিভার্সিটি এবং শাংহাই ইন্সস্টিটিউট অব স্পেস পাওয়ার-সোর্সেস-এর যৌথ গবেষক দল। প্রচলিত লিথিয়াম ব্যাটারির মূল প্রযুক্তিতে যুগান্তকারী অগ্রগতি এনে দিতে পারে। এতে ব্যাটারির ধারণক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হয়েছে এবং কম তাপমাত্রায় কর্মক্ষমতাও উন্নত হয়েছে।
গবেষণার বিস্তারিত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সাময়িকী নেচার-এ।

চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের বিশেষজ্ঞ এবং নানখাই বিশ্ববিদ্যালয়ের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ছেন চুন জানান, প্রচলিত লিথিয়াম ব্যাটারির শক্তি ঘনত্ব সাধারণত কেজিতে প্রায় ৩০০ ওয়াট-ঘণ্টা। এতে করে একটি বৈদ্যুতিক গাড়ি একবার চার্জে প্রায় ৫০০ থেকে ৬০০ কিলোমিটার চলতে পারে। চীনা গবেষকদের সর্বশেষ ফলাফলটি হলো কেজিতে ৭০০ ওয়াট-ঘণ্টা। এতে একবার চার্জে একটি গাড়ি হাজার কিলোমিটারের চেয়েও বেশি পাড়ি দিতে পারবে।
এ অগ্রগতির মূল কেন্দ্রে রয়েছে নতুন ধরনের ইলেক্ট্রোলাইট, যা ব্যাটারির ভেতর আয়ন পরিবহনের দায়িত্বে থাকে।
প্রচলিত ইলেক্ট্রোলাইটে অক্সিজেনভিত্তিক সলভেন্ট ব্যবহার করা হয়। শক্তির ঘনত্ব ও নিম্ন তাপমাত্রায় কাজ করার ক্ষেত্রে যার সীমাবদ্ধতা রয়েছে। চীনা গবেষক দলটি ফ্লোরিনযুক্ত এমন এক নতুন দ্রাবক তৈরি করেছেন, যা দ্রুত চার্জ পরিবহন নিশ্চিত করে এবং কম উপাদান ব্যবহারেও বেশি কার্যকারিতা দেয়। এর ফলে শক্তি ঘনত্ব ও কম তাপ সহনশীলতা—দুটিই উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ছেন চুন জানান, নতুন এ উপকরণ ব্যবহারে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও শক্তি-ঘনত্ব কেজিতে ৪০০ ওয়াট-ঘণ্টা পর্যন্ত পাওয়া গেছে।
তিনি আরও বলেন, নতুন এই ব্যাটারি প্রযুক্তি নতুন জ্বালানি যানবাহন, মানবাকৃতির রোবট, শীতপ্রধান অঞ্চলে ড্রোনসহ এবং মহাকাশ গবেষণাতেও ব্যাপক সম্ভাবনা তৈরি করেছে।
সূত্র: সিএমজি, সিসিটিভি




















