সোমালিয়ার সামুদ্রিক মাছ ও সিফুড চীনে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাচ্ছে - Mati News
Monday, July 27

সোমালিয়ার সামুদ্রিক মাছ ও সিফুড চীনে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাচ্ছে

জুলাই ২৬, সিএমজি বাংলা ডেস্ক: সোমালিয়ার সামুদ্রিক খাবার এখন থেকে কোনো শুল্ক ছাড়াই চীনে রপ্তানি করা যাবে। এ লক্ষে সোমালিয়া ও চীনের মধ্যে একটি প্রোটোকল স্বাক্ষরিত হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, এই পদক্ষেপের ফলে রপ্তানি বৃদ্ধি পাবে, বিনিয়োগ আকৃষ্ট হবে এবং সামগ্রিকভাবে মৎস্য খাত আরও শক্তিশালী হবে।

মোগাদিশুতে সোমালিয়ার মৎস্য ও নীল অর্থনীতি বিষয়ক মন্ত্রী আহমেদ হাসান আদেন এবং সোমালিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং ইউ এই চুক্তি স্বাক্ষর করেন। বেইজিংয়ের জিরো-ট্যারিফ বা শুল্কমুক্ত নীতির আওতায় টুনা, লবস্টার এবং অন্যান্য বন্য সামুদ্রিক পণ্য সরাসরি চীনে রপ্তানির জন্য প্রয়োজনীয় শর্তগুলো এই চুক্তিতে নির্ধারণ করা হয়েছে।

আফ্রিকার দীর্ঘতম উপকূলরেখা—যার দৈর্ঘ্য ৩ হাজার ৩০০ কিলোমিটারেরও বেশি—তার অধিকারী সোমালিয়ার জন্য এই চুক্তিটিকে একটি বড় মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন মন্ত্রী আহমেদ হাসান আদেন। তিনি জানান, এর মাধ্যমে বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তা বাজারে প্রবেশাধিকার উন্মুক্ত হলো।

আদেন বলেন, “এই প্রোটোকল সোমালিয়া-চীন অর্থনৈতিক সহযোগিতায় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি সোমালি মাছ ও সিফুড রপ্তানিকারকদের বিশাল চীনা বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিচ্ছে এবং আমাদের মৎস্য খাতের জন্য উল্লেখযোগ্য নতুন সুযোগ তৈরি করছে।”

স্বল্পোন্নত দেশগুলোর রপ্তানির ওপর শুল্কমুক্ত সুবিধা দেওয়ার মাধ্যমে চীনের বাজার সম্প্রসারণের বৃহত্তর নীতির সাথেই এই চুক্তিটি সামঞ্জস্যপূর্ণ। এছাড়া কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন ৫৩টি আফ্রিকান দেশের সমস্ত ট্যারিফ লাইনে শুল্কমুক্ত সুবিধা বাড়ানোর বেইজিংয়ের সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা চীন-আফ্রিকা বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে।

সূত্র: সিএমজি বাংলা

China opens duty-free market to Somali seafood exports – AfricaChinaReview

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *