চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন: অর্থমন্ত্রী - Mati News
Tuesday, August 18

চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন: অর্থমন্ত্রী

চলতি বছরের মধ্যেই নতুন পে-স্কেল ঘোষণা ও তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

নতুন পে-স্কেল এই বছরের মধ্যেই কার্যকর হবে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী স্পষ্ট করে বলেন, নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়িত হবে। তবে এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দিক নিয়ে এখনো বিস্তারিত আলোচনা চলছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, আজ একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে এবং সামনে আরও কিছু বিষয় নিয়ে পর্যালোচনা করতে হবে। সব ধরনের আলোচনা শেষ হওয়ার পরই পূর্ণাঙ্গ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

পে-স্কেল ঘোষণার ক্ষেত্রে সরকার প্রতিটি বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব দিক পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হবে। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর পে-স্কেল সংক্রান্ত বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *