নগর পরিবহন সমস্যা সমাধানে চার স্তরে এআই: প্রফেসর লি চিয়ান - Mati News
Friday, August 14

নগর পরিবহন সমস্যা সমাধানে চার স্তরে এআই: প্রফেসর লি চিয়ান

কৃত্রিম বুদ্ধিমত্তা দেখাতে পারে দ্রুত বর্ধনশীল মেগাসিটিগুলোর নগর পরিবহন সমস্যার সমাধান। স্মার্ট চলাচল ব্যবস্থা গড়ে তুলতে এআই হতে চলেছে নিকট ভবিষ্যতের দিশারি। চীনের বিখ্যাত থোংচি বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ট্রান্সপোর্টেশনের সহযোগী অধ্যাপক ড. লি চিয়ান জানালেন এসব কথা। নগর পরিবহনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের ক্ষেত্রে চারটি স্তরের কথাও তুলে ধরেন তিনি।

সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত পৃথক দুটি সেমিনারে বৃহৎ ভাষা মডেল (এলএলএম) ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগান্তকারী ভূমিকার কথা তুলে ধরেন প্রফেসর লি চিয়ান। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘নগর পরিবহন ব্যবস্থাপনায় বৃহৎ ভাষা মডেলের ব্যবহার’ শীর্ষক প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক কনফারেন্স হলে একই বিষয়ে আরেকটি বিশেষ সেমিনার আয়োজিত হয়। সেমিনারগুলোতে গুরুত্বপূর্ণ তথ্য ও গবেষণা উপস্থাপন করেন তিনি।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এহসান আহমেদ আশরাফি। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বক্তব্য রাখেন ড. লি চিয়ান। বিশ্ববিদ্যালয়টির অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল হক সেমিনারটি সঞ্চালনা করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন এবং নগর পরিবহন ব্যবস্থাপনায় এআই-এর প্রয়োগ বিষয়ে আলোচনা করেন।

সেমিনারগুলোতে প্রফেসর লি চিয়ানের ব্যাখ্যায় সাধারণ এআই মডেলগুলোর ক্ষেত্রভিত্তিক পেশাদার মডেলে রূপান্তরিত হয়ে ওঠার প্রক্রিয়া উঠে আসে।

প্রফেসর লি বলেন, বিশেষ করে নগর পরিবহনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগকে চারটি প্রধান স্তরে ভাগ করে পরিচালনা করা হয়— ডেটা এনহ্যান্সমেন্ট, নলেজ গ্রাফভিত্তিক নলেজ এনহ্যান্সমেন্ট, অ্যালগরিদমিক মডেল এনহ্যান্সমেন্ট এবং মাল্টি-এজেন্ট সহযোগিতার মাধ্যমে টাস্ক এনহ্যান্সমেন্ট।

এসময় তিনি চীনের শাংহাইয়ের বেশ কিছু বাস্তব গবেষণা ও এর সফলতা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে নাগরিক অভিযোগ বিশ্লেষণ করে দ্রুত বাস রুট সংস্কার, ‘শাংহাই পাবলিক ট্রানজিট নলেজ গ্রাফ’ ব্যবহারের মাধ্যমে নীতিমালার তথ্য প্রদান, আন্তর্জাতিক শুল্ক ও এইচএস কোড শ্রেণীকরণ এবং ডোর-টু-ডোর স্মার্ট রুট প্ল্যানিং প্রথামুক্তকরণ। এছাড়া স্বল্প-কার্বন যাতায়াত পরিকল্পনা এবং বাস রুট পরিবর্তনের ফলে যাত্রীদের প্রতিক্রিয়ার এআই সিমুলেশন প্রযুক্তি নিয়েও আলোচনা করা হয়।

প্রফেসর লি জোর দিয়ে বলেন, কেবল তাত্ত্বিক মডেল নয়, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পখাতের যৌথ প্রয়াসের মাধ্যমেই একটি শক্তিশালী ওপেন-সোর্স স্মার্ট ট্রান্সপোর্টেশন ইকোসিস্টেম গড়ে তোলা সম্ভব।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *