আধুনিক আর্থিক ব্যবস্থাপনা ও গ্রাহকসেবায় অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে মধ্যপ্রাচ্যের মর্যাদাপূর্ণ ‘ট্যাব গ্লোবাল মিডল ইস্ট অ্যাওয়ার্ডস ২০২৬’ আসরে কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক বা ‘বেস্ট ওয়েলথ ম্যানেজমেন্ট ব্যাংক ইন কাতার’ হিসেবে ভূষিত হয়েছে দ্য কমার্শিয়াল ব্যাংক। সম্পদ ব্যবস্থাপনা খাতে ব্যাংকের শক্তিশালী অবস্থান এবং গ্রাহকদের জন্য বিশেষায়িত ও পরামর্শভিত্তিক বিনিয়োগ সেবা প্রদানের বিষয়টি এই পুরস্কার প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
গত চার বছরে কমার্শিয়াল ব্যাংক তাদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষ জনবল নিয়োগ এবং নতুন নতুন আর্থিক পণ্য চালুর মাধ্যমে সম্পদ ব্যবস্থাপনা ব্যবসাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এর ফলে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের গ্রাহকরা এখন আগের চেয়ে অনেক সহজে বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। ব্যাংকটি গ্রাহকদের সম্পদ সুরক্ষা এবং তা বৃদ্ধিতে আধুনিক ও কার্যকর বিনিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।
এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের প্রতিক্রিয়ায় ব্যাংকের গ্রুপ প্রধান নির্বাহী (GCEO) স্টিফেন মস বলেন, গ্রাহকদের বিশ্বাস, দক্ষতা এবং তাদের ব্যক্তিগত চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে সেবা প্রদান করা হচ্ছে, এই পুরস্কার তারই প্রতিফলন। এই অর্জন ব্যাংকের কাজের মানকে আরও উন্নত করতে এবং ভবিষ্যতে গ্রাহকদের আরও ভালো সেবা প্রদানে উৎসাহিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।







