চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গতকাল (সোমবার) কুয়াংতোং প্রদেশের চংশান শহর পরিদর্শন করেছেন।
এ সময় তিনি পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের সিদ্ধান্ত ও পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে অঞ্চলের উচ্চমানের উন্নয়ন এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
পরিদর্শনকালে সি চিন পিং শেন-চং সংযোগসড়কের পশ্চিম কৃত্রিম দ্বীপে গিয়ে এর নির্মাণ ও পরিচালনা কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। তিনি বলেন, বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার সমন্বিত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংযোগ সড়ক চুচিয়াং নদীর মোহনার দুই তীরের সমন্বিত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পরে তিনি চংশানের বে এরিয়া ফিউচার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিটি পরিদর্শন করেন। সেখানে জীবপ্রযুক্তি ও ওষুধ, ইলেকট্রনিক তথ্যপ্রযুক্তি এবং উন্নত সরঞ্জামসহ বিভিন্ন আধুনিক শিল্পের অগ্রগতি সম্পর্কে জানতে পারেন। বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবনের সঙ্গে শিল্পের উদ্ভাবনকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
এ বছর চীনের বিপ্লবী নেতা সুন ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সি চিন পিং তার সাবেক বাসভবন ও স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং তার ভাস্কর্যে ফুলের ঝুড়ি অর্পণ করেন। তিনি বলেন, জাতীয় স্বাধীনতা, সামাজিক অগ্রগতি ও জনগণের কল্যাণে সুন ইয়াত-সেনের অবদান অবিস্মরণীয়। তার দেশপ্রেম ও মূল্যবান চেতনা উত্তরাধিকার হিসেবে ধারণ করে এগিয়ে যেতে হবে।
পরিদর্শনকালে সি চিন পিং আরও বলেন, বছরের শেষ ও নতুন বছরের শুরুতে অর্থনৈতিক উন্নয়ন, জনকল্যাণ এবং নিরাপত্তা নিশ্চিত করার কাজ সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। ২০২৬ সালের নির্ধারিত উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ এবং পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সূচনা ভালোভাবে নিশ্চিত করতে হবে।
সিএমজি

















