মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে প্রেসিডেন্ট সি’র উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে চীন - Mati News
Tuesday, November 3

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে প্রেসিডেন্ট সি’র উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে চীন

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে প্রেসিডেন্ট সি চিন পিং-এর উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে চীন। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) উপসচিব আলি বাঘেরি কানির সঙ্গে সোমবার বেইজিংয়ে বৈঠকে এ কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার মঙ্গলবারের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় পররাষ্ট্রবিষয়ক কমিশনের কার্যালয়ের পরিচালক ওয়াং ই আরও বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রশমনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেয়া উদ্যোগ ও প্রস্তাবনা বাস্তবায়নে কাজ করবে বেইজিং। আঞ্চলিক শান্তি পুনঃপ্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করতেও প্রস্তুত চীন।

ওয়াং ই বলেন, সংকট সমাধানে সংলাপ ও আলোচনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংঘাতে না ফিরে সব পক্ষের উচিত দায়িত্বশীলতার পরিচয় দিয়ে পরস্পরের অবস্থানের কাছাকাছি আসা এবং বাস্তবসম্মত ও যৌক্তিক উপায়ে রাজনৈতিক সমাধানের পথ খোঁজা।

বৈশ্বিক পরিস্থিতির নানা পরিবর্তনের মধ্যেও চীন-ইরান সম্পর্ক স্থিতিশীলভাবে এগিয়েছে উল্লেখ করে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, দু’দেশের জনগণের মৌলিক স্বার্থ এবং গ্লোবাল সাউথের দেশগুলোর সংহতি ও সহযোগিতার আকাঙ্ক্ষার সঙ্গে এ সম্পর্ক সামঞ্জস্যপূর্ণ।

জবাবে ইরানের আলি বাঘেরি কানি বলেন, ইরান তার নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। শত্রুকে কঠিনভাবে মোকাবিলা করে আসলেও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সব পক্ষের সঙ্গে আলোচনা ও সমঝোতায় আগ্রহী তেহরান।

আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় চীনের আরও বড় ভূমিকার প্রত্যাশা জানিয়ে দুই দেশের সম্পর্ক ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন ওয়াং ই।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *