চায়না অ্যাম্বাসেডর কাপ উশু শুরু - Mati News
Monday, September 7

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু শুরু

সেপ্টেম্বর ৬, সিএমজি বাংলা ডেস্ক: তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে এনে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের মঞ্চ প্রস্তুতের লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হয়েছে অষ্টম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। শনিবার সকালে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১৯টি ক্লাবের মোট ২৭৯ খেলোয়াড়ের অংশগ্রহণে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।

প্রধান অতিথি হিসেবে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এমপি এই প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশে চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের প্রতিনিধিরা। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. দিলদার হাসান দিলু বলেন, ‘তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।‘

তিনি জানান, আন্তর্জাতিক পদক জয়ের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ফেডারেশন। এরই অংশ হিসেবে আগামী জানুয়ারিতে বাংলাদেশে সাউথ এশিয়ান জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলিত ও সুশৃঙ্খল জীবনযাপনে উদ্বুদ্ধ করে। উশু তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে দারুণ ভূমিকা রাখতে পারে।‘

সম্প্রতি উশুর সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে সাম্প্রতিক সময়ে ৯৩টি ক্লাবকে নিবন্ধন সনদ দিয়েছে ফেডারেশন। উল্লেখ্য, গত বছরের সপ্তম আসরে ১৭টি দল অংশ নিয়েছিল। সেইবার বাংলাদেশ সেনাবাহিনী সার্ভিসেস বিভাগে এবং চট্টগ্রাম উশু একাডেমি জেলা ও ক্লাব বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল।

সূত্র: সিএমজি

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *