চীনের গবেষণা: বয়সের সাথে স্মৃতিশক্তি কেন কমে? - Mati News
Monday, July 20

চীনের গবেষণা: বয়সের সাথে স্মৃতিশক্তি কেন কমে?

বয়স বাড়ার সাথে স্মৃতিশক্তি হ্রাস এবং চিন্তার ক্ষমতা কমে যাওয়া সাধারণ ঘটনা। কিন্তু কেন এমনটি ঘটে, তা নিয়ে দীর্ঘকাল গবেষণার পর এবার নতুন তথ্য সামনে এনেছেন চীনা বিজ্ঞানীরা।

চীনের ‘শেনচেন ইনস্টিটিউটস অফ অ্যাডভান্সড টেকনোলজি’র গবেষকরা জানিয়েছেন, বয়সের সাথে মস্তিষ্কের রক্তনালীর পরিবর্তন কীভাবে আমাদের বুদ্ধিবৃত্তিক সক্ষমতাকে প্রভাবিত করে সে বিষয়ে ‘নিউরন’ জার্নালে একটি গবেষণার ফলাফল প্রকাশ হয়েছে।

রক্ত-মস্তিষ্ক প্রাচীর বা ‘ব্লাড-ব্রেইন ব্যারিয়ার’ হলো আমাদের মস্তিষ্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরক্ষা স্তর। এটি অনেকটা নিরাপত্তারক্ষীর মতো কাজ করে—প্রয়োজনীয় পুষ্টি মস্তিষ্কে পৌঁছাতে দেয়, কিন্তু রক্তে থাকা ক্ষতিকর পদার্থগুলোকে মস্তিষ্কের কোষের ভেতরে প্রবেশে বাধা দেয়। বিজ্ঞানীদের দীর্ঘদিন ধারণা ছিল, বয়স বাড়ার সাথে এই প্রাচীরের কোষগুলোর মধ্যবর্তী সংযোগস্থলে ফাঁটল তৈরি হয়, যার ফলে প্রাচীরটি দুর্বল হয়ে পড়ে।

শেনচেন ইনস্টিটিউটস অফ অ্যাডভান্সড টেকনোলজি’র গবেষকরা ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে দেখেছেন, বয়স্ক হওয়ার অনেক আগেই—অর্থাৎ মাঝারি বয়সেই—এই প্রাচীরের কার্যকারিতা কমতে শুরু করে। বিশেষ করে মস্তিষ্কের হিপোক্যাম্পাস অঞ্চলে, যা মানুষের স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে এই প্রভাবটি দ্রুত দেখা দেয়। গবেষকরা দেখেছেন, কোষগুলোর মধ্যকার সংযোগস্থলে ফাঁটল তৈরির আগে কোষের ভেতরের পরিবহন ব্যবস্থা অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে ওঠে। ফলে ক্ষতিকর পদার্থগুলো কোষের ভেতর দিয়ে সহজে মস্তিষ্কে প্রবেশ করে।

কীভাবে ঘটছে এই ক্ষতি? গবেষণায় দুটি মূল প্রোটিনের ভূমিকা চিহ্নিত করেছেন গবেষকরা। যার একটি স্বাভাবিকভাবে মস্তিষ্কের রক্তনালীতে অপ্রয়োজনীয় পরিবহন সীমিত রাখে। বয়সের সাথে এর পরিমাণ কমে যায়। অন্যটি কোষের ভেতর পরিবহন ব্যবস্থা তৈরিতে সহায়তা করে, যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

গবেষকরা দেখেছেন যে, বয়স্ক ইঁদুরের ক্ষেত্রে যখন প্রোটিনের মাত্রা পুনরায় স্বাভাবিক করা হয়েছে তখন রক্ত-মস্তিষ্ক প্রাচীরের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে ফিরে এসেছে।

শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন নিয়ন্ত্রণকারী অন্য প্রোটিনটি বয়স বৃদ্ধির সাথে রক্ত ও মস্তিষ্কে বেড়ে যায়, এমনটাও এসেছে গবেষণায়। এই অতিরিক্ত প্রোটিনটিই রক্তনালীর প্রোটিন কমিয়ে দেয়, ফলে প্রাচীরটি তার সুরক্ষা ক্ষমতা হারায়। পরীক্ষায় দেখা গেছে, বয়স্ক ইঁদুরের শরীরে বিশেষ সেই প্রোটিনের সংকেত আটকে দিতে পারলে তাদের রক্ত-মস্তিষ্ক প্রাচীরের লিকেজ কমে গেছে এবং তাদের স্মৃতিশক্তির পরীক্ষায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

এই গবেষণাটি প্রমাণ করে, বয়সের সাথে মস্তিষ্কের রক্তনালীর ক্ষতি কেবল সাধারণ ক্ষয় নয়, এটি নির্দিষ্ট কিছু জৈবিক সংকেতের ফসল। যদিও এখনও ইঁদুরের ওপর পরীক্ষিত। তবে গবেষকদের আশা, এই নতুন পদ্ধতিগুলো অদূর ভবিষ্যতে মানুষের ক্ষেত্রেও প্রয়োগ সম্ভব হবে। সূত্র: সিএমজি বাংলা

The study shows how aging disrupts transport in brain blood vessel cells, leading to blood-brain barrier leakage. /SIAT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *