মহাকাশ কম্পিউটিং শিল্পকে একটি সমন্বিত ও মানসম্মত কাঠামোর আওতায় আনতে চীনে প্রথমবারের মতো একটি বিশেষায়িত কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার গ্লোবাল ডিজিটাল ইকোনমি কনফারেন্সে আয়োজিত ‘২০২৬ স্পেস কম্পিউটিং ফোরামে’ এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মহাকাশ কম্পিউটিং এমন একটি প্রযুক্তি ব্যবস্থা, যার মাধ্যমে উপগ্রহ (স্যাটেলাইট) বা মহাকাশ স্টেশনের মতো কক্ষপথের প্ল্যাটফর্মগুলোতে সরাসরি ডেটা প্রসেসিং, স্টোরেজ, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা যুক্ত করা হয়।
বেইজিং ইউনিভার্সিটি অফ পোস্টস অ্যান্ড টেলিকমিউনিকেশনস এবং মহাকাশ খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি মূলত শিল্পের সাধারণ প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কাজ করবে।
পাশাপাশি, এই কেন্দ্রটি গবেষণাগার থেকে শুরু করে পণ্য উৎপাদন, নেটওয়ার্ক সংযোগ এবং মাঠপর্যায়ে বাস্তব প্রয়োগ পর্যন্ত পুরো শিল্প শৃঙ্খলকে এক সুতোয় গাঁথতে কাজ করবে। এর মাধ্যমে ‘স্যাটেলাইট ইন্টারনেট অফ থিংস’ খাতের উন্নয়ন ত্বরান্বিত হবে, যা পৃথিবীর স্থলভাগের নেটওয়ার্কের বাইরেও দুর্গম অঞ্চলে নিরবচ্ছিন্ন ডেটা যোগাযোগ নিশ্চিত করবে।
বিশেষজ্ঞদের মতে, স্থলভাগের কম্পিউটিং ব্যবস্থায় জ্বালানি খরচ, জমির প্রাপ্যতা ও কার্বন নিঃসরণের মতো নানাবিধ সীমাবদ্ধতা রয়েছে। বিপরীতে, মহাকাশ কম্পিউটিং বৈশ্বিক কাভারেজ, পরিবেশবান্ধব পরিচালনা এবং নমনীয় প্রসারণের মতো অনন্য সুবিধা প্রদান করে।
সিএমজি বাংলা





















