
এপ্রিল ১৪: চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, গতকাল (সোমবার), পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে টেলিফোনে কথা বলেন।
এ সময় ইসহাক দার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করার বিষয়ে পাকিস্তানের প্রচেষ্টার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি শান্তি প্রতিষ্ঠায় চীনের প্রচেষ্টার প্রশংসা করেন এবং আঞ্চলিক শান্তি রক্ষায় চীনের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেন।
জবাবে ওয়াং ই চীনের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং ইসলামাবাদে আলোচনার আয়োজন করায় পাকিস্তানের নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ মধ্যস্থতার ভূয়সী প্রশংসা করেন।
ওয়াং ই উল্লেখ করেন, বর্তমান যুদ্ধবিরতি অত্যন্ত নাজুক এবং আঞ্চলিক পরিস্থিতি এক সংকটময় সন্ধিক্ষণে রয়েছে। এখনকার সবচেয়ে বড় অগ্রাধিকার হলো, পুনরায় যুদ্ধ শুরু হওয়া রোধ করা এবং এই কষ্টার্জিত যুদ্ধবিরতি টিকিয়ে রাখা। তিনি আন্তর্জাতিক সমাজকে শান্তি আলোচনা ত্বরান্বিত করার আহ্বান জানান এবং যুদ্ধবিরতি নষ্ট করে উত্তেজনা বাড়ানোর যেকোনো অপপ্রয়াসের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার ওপর জোর দেন।
ওয়াং ই আরও বলেন, পারস্য উপসাগর এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে, চীন ও পাকিস্তানের দেওয়া ৫-দফা প্রস্তাব আন্তর্জাতিক ঐকমত্যের প্রতিফলন এবং এটি সমস্যা সমাধানের সঠিক দিকনির্দেশনা হতে পারে। চীন মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে, পাকিস্তানের বৃহত্তর ভূমিকাকে স্বাগত জানায় এবং আন্তর্জাতিক সমাজের সাথে মিলে এ লক্ষ্যে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। (শুয়েই/আলিম/জিনিয়া)




















