চীন ও ব্রাজিলের মধ্যে দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় কৌশলগত সমন্বয় আরও জোরদার করার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সোমবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে এক ফোনালাপে তিনি এ কথা বলেন।
ফোনালাপে সি চিন পিং জানান, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ব্রাজিলের অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গঠন এবং দুই দেশের উন্নয়ন কৌশলের সমন্বয় সাধনে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এটি উভয় দেশের উন্নয়নে ও জনগণের কল্যাণ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি পরিবর্তনশীল আন্তর্জাতিক অঙ্গনে মূল্যবান স্থিতিশীলতা জোগাচ্ছে।
এ বছর চীনা কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং চীনের ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হওয়ার কথা উল্লেখ করে সি বলেন, ব্রাজিলও একটি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ রাজনৈতিক এজেন্ডার দিকে এগিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে চীন ব্রাজিলের সঙ্গে কৌশলগত সমন্বয় আরও গভীর করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক ধারা অব্যাহত রাখতে প্রস্তুত।
নতুন পরিস্থিতি ও চ্যালেঞ্জের মুখে গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে চীন ও ব্রাজিলকে ইতিহাসের সঠিক পক্ষে এবং সভ্যতার অগ্রগতির পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানান সি চিনপিং। তিনি বৈশ্বিক শাসন ব্যবস্থা সংস্কার ও উন্নতি সাধনে এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও বিচার প্রতিষ্ঠায় বৃহত্তর ও গঠনমূলক ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও, ব্রিকস সহযোগিতাকে উচ্চমানের উন্নয়নের পথে এগিয়ে নেওয়া, সঠিক দিকনির্দেশনা বজায় রাখা এবং গ্লোবাল সাউথের আত্মনির্ভরশীলতার নতুন অধ্যায় রচনার তাগিদ দেন চীনা প্রেসিডেন্ট।
সূত্র: সিএমজি




















