চীন-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর রাজনৈতিক শীর্ষ সংলাপ - Mati News
Sunday, October 11

চীন-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর রাজনৈতিক শীর্ষ সংলাপ

 

চীন এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর মধ্যে যৌথ উন্নয়ন, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণ এবং এক অভিন্ন ভবিষ্যতের পারস্পরিক অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে বেইজিংয়ে শনিবার ষষ্ঠ ‘চীন-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র রাজনৈতিক নেতৃত্ব সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চীন ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা গভীর আলোচনা ও মতামত বিনিময় করেন।

চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিং বলেন, প্রাকৃতিক সম্পদের বৈচিত্র্য, ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক ব্যবস্থার ভিন্নতা সত্ত্বেও চীন ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো সর্বদা পারস্পরিক শ্রদ্ধা ও সমতার নীতিতে জোর দিয়ে আসছে।

তিনি আরও বলেন, চীন কখনোই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না এবং এদের বৃহৎ শক্তির প্রতিযোগিতার ক্ষেত্র হিসেবে বিবেচনা করে না। পাশাপাশি, চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো ‘এক-চীন নীতি’ দৃঢ়ভাবে মেনে চলায় এবং চীনের ন্যায্য অবস্থানের প্রতি সমর্থন দেয়ায় তিনি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লিউ হাইশিং আরও জানান, সিপিসি পারস্পরিক ভবিষ্যৎ সমৃদ্ধির লক্ষ্য অর্জনে এই অঞ্চলের রাজনৈতিক দলগুলোর সাথে নিবিড়ভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সংলাপে অংশগ্রহণকারী প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর রাজনৈতিক দলের নেতারা চীনকে তাদের বিশ্বস্ত বন্ধু ও অংশীদার হিসেবে বর্ণনা করেন। তারা উল্লেখ করেন, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক লাভজনক সহযোগিতার ভিত্তিতেই দু’দেশের এই দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তরোত্তর শক্তিশালী হচ্ছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *