চীনের পূর্বাঞ্চলীয় চিয়াংসু প্রদেশের থিয়ানওয়ান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সপ্তম ইউনিট বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। চায়না ন্যাশনাল নিউক্লিয়ার করপোরেশন- সিএনএনসি এ তথ্য জানায়।
উপকূলীয় শহর লিয়ানইউনকাংয়ে অবস্থিত এ ইউনিটে তৃতীয় প্রজন্মের পারমাণবিক বিদ্যুৎ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর পরিকল্পিত কার্যকাল ৬০ বছর। ইউনিটটি থেকে বছরে প্রায় ১০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে।
সিএনএনসির চিয়াংসু নিউক্লিয়ার পাওয়ার করপোরেশনের চেয়ারম্যান চাং ই জানান, চলতি বছরের মধ্যেই ইউনিটটি বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারে।
তিনি বলেন, কেন্দ্রটির সব ইউনিট চালু হলে থিয়ানওয়ান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মোট স্থাপিত উৎপাদনক্ষমতা ৯০ লাখ কিলোওয়াট ছাড়িয়ে যাবে। তখন বছরে ৭০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এর ফলে প্রতিবছর ৫ কোটি ৭৪ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানো যাবে।
থিয়ানওয়ান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১০ লাখ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন আটটি ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম থেকে ষষ্ঠ ইউনিট ইতোমধ্যে বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। এ ছয়টি ইউনিট থেকে এখন পর্যন্ত জাতীয় বিদ্যুৎ গ্রিডে মোট ৫০০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টার বেশি বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
অন্যদিকে, নির্মাণাধীন অষ্টম ইউনিটটি ২০২৭ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করার কথা রয়েছে।
সূত্র: সিএমজি




















